নতুন জমিতে তামাক চাষ নয়, ব্যবহূত জমিতে করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলায় তামাক চাষ ও চাষের প্রক্রিয়া বন্ধ রাখতে আদালতের দেওয়া আদেশ গতকাল রোববার আংশিক প্রত্যাহার করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, আগে যেসব জমিতে তামাক চাষ হয়েছে; সেই জমিতেই এখন তামাক চাষ করা যাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো জমিতে তামাক চাষ করা যাবে না। একই সঙ্গে ক্রমবর্ধমান তামাক চাষ কমিয়ে আনার লক্ষ্যে তামাক চাষের জন্য চাষিনিবন্ধন, চাষিদের সঙ্গে চুক্তি, তামাক প্রক্রিয়াজাতকরণের তন্দুর নির্মাণ ও জ্বালানি কাঠ সংগ্রহ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট তামাক কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ সামস্ উদ্দিন খালেদ এ আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৮ অক্টোবর। আদেশে বলা হয়, মামলার উদ্দেশ্য সংরক্ষণ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইনের মূল চেতনা রক্ষার্থে আগামী ধার্য তারিখ পর্যন্ত জেলার নতুন কোনো জমিতে তামাক চাষ করা যাবে না। আদেশে আরও বলা হয়, তামাক চাষের সঙ্গে সংশ্লিষ্ট চাষিদের মানবিক দিক বিবেচনা করে আগে থেকে যেসব জমিতে তামাক চাষ হয়ে আসছে; সেসব জমিতে চাষিরা চাষ করতে পারবেন। বাদী পক্ষের আইনজীবী মহিউদ্দিন বলেন, মামলায় আরও পাঁচটি সংস্থাকে পক্ষ বা বাদী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন আদালত। সংস্থাগুলো হলো, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), উবিনিগ, সম্মিলিত তামাক চাষবিরোধী জোট, ইপসা ও বান্দরবান কৃষক সমিতি। সংস্থাগুলো পক্ষ হওয়ার জন্য আদালতে আবেদন করেছিল। বান্দরবান জেলায় তামাক চাষ ও চাষের প্রক্রিয়া বন্ধের আবেদন জানিয়ে গত ১৬ আগস্ট বান্দরবান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন দুই ব্যক্তি। ১৭ আগস্ট চাষের প্রক্রিয়াসহ তামাক চাষ বন্ধের অস্থায়ী আদেশ দেওয়া হয়।