নতুন জামা পরা হল না
নতুন জামা-কাপড় পরে চৈত্রসংক্রান্তির উৎসব উদ্যাপন করা হলো না দুই স্কুলছাত্রীর। ওদের নাম লিজা পাল ও পপি পাল। বাড়ির পাশে বাঁকখালী নদীতে গোসল গিয়ে চোরাবালিতে আটকা পড়ে মারা গেছে ওরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজারের রামু উপজেলার পালপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। লিজা (১৫) পালপাড়া গ্রামের বাবুল পালের মেয়ে। সে রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। একই গ্রামের বাবুল পালের মেয়ে পপি (১১) পশ্চিম রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। গ্রামবাসী ও পরিবার সূত্র জানায়, চৈত্রসংক্রান্তি উপলক্ষে দুই পরিবারের ছেলে-মেয়েসহ সবার জন্য নতুন জামা-কাপড় কেনা হয়। নতুন জামা পরার আগে লিজা, পপি ও অংকন (৭) নদীতে স্নান করতে যায়। একপর্যায়ে পপি ও লিজা চোরাবালিতে আটকা পড়ে। ওরা চিৎকার দেয়। কিন্তু আশপাশে লোকজন না থাকায় তাৎক্ষণিকভাবে ওদের উদ্ধার করা যায়নি। পরে ওদের লাশ উদ্ধার করা হয়। শিশু অংকন জানায়, সে দূরে দাঁড়িয়ে ছিল। লিজা ও পপির চিৎকার শুনে প্রথমে সে ভেবেছিল ওরা দুষ্টুমি করছে। কিন্তু পরে ওরা ডুবে যেতে থাকলে সেও চিৎকার শুরু করে। রাজারকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম বলেন, নদীতে এখন পানি খুব বেশি নেই। হাঁটুপানিতে ডুবে মেয়ে দুটি প্রাণ হারাল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মো. সাইদুল হক বলেন, ‘উৎসবের দিন এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই।’