নতুন জামার স্বপ্ন দেখে ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের বিপণিবিতানগুলোতে টাঙানো রয়েছে বাহারি সব পোশাক। আলোর ঝলকানিতে সেসব পোশাক যেন আরও রঙিন হয়ে উঠেছে। ঝলমলে পোশাকগুলোর দিকে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে থাকতে দেখা গেল রুবিনাকে।
রুবিনা জানায়, পূজা ও ঈদের কেনাকাটার কোলাহলের মধ্যে নতুন নতুন ঝলমলে পোশাক দেখতে প্রতিদিন শহরের বিপণিবিতানগুলোর আশপাশে ঘোরাঘুরি করেই ঈদের আনন্দ উপভোগ করছে সে।
রুবিনার সঙ্গে ছিল জেলা শহরের খালপাড়া এলাকার আরও দুটি শিশু তাসলিমা ও রাহাত। গতকাল মঙ্গলবার দুপুরে নর্থ সার্কুলার সড়কের একটি বিপণিবিতানের সামনে তাদের ঘোরাঘুরি করতে দেখা যায়। রুবিনা জানায়, গত ঈদের সময় এক ব্যক্তি তাকে একটা জামা কিনে দিয়েছিল। বর্তমানে সেটির রং ফিকে হয়ে গেছে। বিভিন্ন স্থান ছিঁড়ে গেছে। রুবিনা বলে, ‘এবার কী কী জামা বাইর হইছে, এইটা দেখতে ছোট বোনটারে নিয়া আসছি। নতুন জামা কিনতে না পারলেও জামা দেখতে তো দোষ নাই।’ রুবিনা জানায়, বাচ্চারা নতুন কাপড় হাতে নিয়ে যখন বাড়ি ফিরতে থাকে, তখন তাদের মন খারাপ হয়ে যায়।
রুবিনা বলে, ‘দোকানে একটা জামা পছন্দ হইছিল, ওইটা ধরতে গেলে দোকানদার ধমক দিয়ে তাড়াইয়া দেয়। তখন মনটা খারাপ হইয়া যায়।’ শুধু রুবিনা, তাসলিমা ও রাহাত নয়, আরও অনেক শিশুকেই গত কয়েক দিনে ঠাকুরগাঁও শহরের বিপণিবিতানগুলোতে ঘোরাঘুরি করতে দেখা যায়।
শহরের একটি বস্তিতে থাকে আট-নয় বছরের শিশু সুজন। তার মা একটা হোটেলে রান্নার কাজ করেন। তার বাবা আরেকটি বিয়ে করে অন্য জায়গায় চলে গেছেন। জন্মের পর কোনো ঈদেই সুজনের নতুন জামা পরার সৌভাগ্য হয়নি। সুজন বলে, ‘এইবার ঈদে মায়ের কাছে একটা জামা চাইছি। মা ধমক দিয়ে কইছে, কামাইয়ের টাকা জামা কিনে শেষ করলে, খামু কী।’
সুবিধাবঞ্চিত এসব শিশুর মুখে হাসি ফোটানোর কাজ করছে ‘উত্তরের অভিযাত্রী’ নামের শিক্ষার্থীদের একটি সংগঠন। ওই সংগঠনের সদস্য রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা চেষ্টা করছি। তবে সীমিত উদ্যোগ নিয়ে সব শিশুর মুখে হাসি ফোটানো সম্ভব নয়। সমাজের বিত্তবানেরা এগিয়ে এলে পূজা বা ঈদে কোনো শিশুর মুখ গোমড়া থাকতে পারে না।’
ঠাকুরগাঁওয়ের পৌর মেয়র এস এম এ মঈন বলেন, ‘শহরের অসহায় শিশুদের হাতে একটি করে নতুন জামা তুলে দিতে পারলে ভালো লাগত। কিন্তু সব সময় এটা সম্ভব হয়ে ওঠে না। তবু চেষ্টা করছি।’