নতুন জীবন শুরুর স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মসমর্পণ অনুষ্ঠানে ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গতকাল দুপুরে বান্দরবানের আলীকদমের কুরুকপাতা বাজারে মাতামুহুরী নদীর তীর থেকে তোলা ছবি l সৌরভ দাশ
আত্মসমর্পণ অনুষ্ঠানে ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। গতকাল দুপুরে বান্দরবানের আলীকদমের কুরুকপাতা বাজারে মাতামুহুরী নদীর তীর থেকে তোলা ছবি l সৌরভ দাশ

আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টির (এমএনডিপি) ৭৯ জন সদস্য। সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়ে তাঁরা নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছেন। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও সেনাবাহিনী তাঁদের পুনর্বাসন করার আশ্বাস দিয়েছে।
এমএনডিপির সদস্যদের আত্মসমর্পণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা বাজারে মাতামুহুরী নদীর তীরে ‘সম্প্রীতির মুরং সম্মেলন এবং মুরংদের সামাজিকভাবে একত্রীকরণ’ অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনীর আলীকদম জোন।
২০০৯ সালে এমএনডিপি গঠন করা হয়। এর পর থেকে খুন, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন সংগঠনের সদস্যরা। কয়েক মাস আগে স্বাভাবিক জীবনে ফিরতে ম্রোদের সামাজিক সংগঠন ‘ম্রো সোশ্যাল কাউন্সিল’-এর কাছে আবেদন করেন তাঁরা।
গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। বক্তব্য দেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সফিকুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমা, বান্দরবানের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, ম্রো সোশ্যাল কাউন্সিলের চেয়ারম্যান রাংলাই ম্রো ও ভাইস চেয়ারম্যান খামলাই ম্রো। এমএনডিপির পক্ষে বক্তব্য দেন মেনরুম ম্রো।
কুরুকপাতা বাজারে নদীর তীরে অনুষ্ঠানস্থলে আসার সময় আত্মসমর্পণকারী এমএনডিপি সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা নেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে পুনর্বাসনের অংশ হিসেবে আত্মসমর্পণকারী এসব সদস্যকে প্রাথমিকভাবে ১০ হাজার টাকা দেওয়া হয়। এর আগে গত বুধবার এমএনডিপির সদস্যরা সেনাবাহিনীর আলীকদম জোনে অস্ত্র জমা দেন।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. সফিকুর রহমান সাংবাদিকদের জানান, এমএনডিপির সদস্যরা ৫৫টি দেশীয় অস্ত্র, বেশ কিছু গোলাবারুদ ও ব্যবহৃত কয়েকটি ইউনিফর্ম (পোশাক) জমা দিয়েছেন। এসব অস্ত্র পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।
বীর বাহাদুর বলেন, আত্মসমর্পণকারী এমএনডিপির সদস্যদের পুনর্বাসনে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তাঁদের এক থেকে দুই একর জমি দেওয়ার আশ্বাস দেন তিনি।
মেজর জেনারেল মো. সফিউর রহমান বলেন, স্বাভাবিক জীবনে ফিরে আসা এমএনডিপির সদস্যদের মধ্যে চার থেকে পাঁচজনের শিক্ষাগত যোগ্যতা ও ভাষাগত দক্ষতা বিবেচনায় নিয়ে তিন মাসের মধ্যে সেনানিবাসে চাকরি দেওয়া হবে। তাঁদের পুনর্বাসন প্রক্রিয়ায় সব সময় সেনাবাহিনী পাশে থাকবে।
ম্রো সোশ্যাল কাউন্সিলের চেয়ারম্যান রাংলাই ম্রো ও ভাইস চেয়ারম্যান খামলাই ম্রো বলেন, এমএনডিপির সদস্যদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। এসব মামলা প্রত্যাহারে আলাপ-আলোচনা করা হবে।
বান্দরবান জেলা পুলিশ মো. মিজানুর রহমান বলেন, এই এলাকায় আগে যে অস্বস্তিকর পরিবেশ ছিল, তা আর থাকবে না।
অনুষ্ঠান শুরুর আগে এমএনডিপির ‘কমান্ডার’ মেনরুম ম্রো দোভাষীর সাহায্যে প্রথম আলোকে বলেন, ২০০৯ সালে এমএনডিপি গঠনের পর শুরুর দিকে ৪০০ থেকে ৫০০ সদস্য ছিলেন। বান্দরবানের আলীকদম, রুমা, থানছি ও নাইক্ষ্যংছড়ি এলাকায় সংগঠনের কার্যক্রম ছিল। শেষ পর্যন্ত ৭৯ জন ছাড়া অন্যরা বিভিন্ন সময়ে সংগঠন ছেড়ে চলে যান। তারা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন শুরু করার স্বপ্ন দেখছেন।