নতুন জীবনে রোজগার সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুর জন্য জমি অধিগ্রহণ করায় পদ্মাপারের অনেক মানুষকে বসত বাড়ি ও জমি হারাতে হয়েছে। সরকার কয়েকটি পুনর্বাসন কেন্দ্রে ওই মানুষদের পুনর্বাসিত করেছে। ছবিটি শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
সেতুর জন্য জমি অধিগ্রহণ করায় পদ্মাপারের অনেক মানুষকে বসত বাড়ি ও জমি হারাতে হয়েছে। সরকার কয়েকটি পুনর্বাসন কেন্দ্রে ওই মানুষদের পুনর্বাসিত করেছে। ছবিটি শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

ছোট্ট একটি টিনের ঘর। সেটির ছায়ায় বাঁধা কয়েকটি রাজহাঁস ও পাতিহাঁস। পাশেই একটি গর্তে নলকূপ থেকে পানি রাখা হয়েছে। ইচ্ছে থাকলেও হাঁসগুলোর জন্য এর বেশি করার সাধ্য নেই জ্যোৎস্না বেগমের। 
সম্প্রতি জ্যোৎস্না বেগমকে মাত্র পাঁচ শতাংশ জায়গার ওপর নতুন বাড়িতে উঠতে হয়েছে। আশপাশে কোনো পুকুর নেই, তাই এ ব্যবস্থা। গত শুক্রবার দুপুরে হাঁসগুলোর দিকে তাকিয়ে বলছিলেন, ‘এই ছোড জায়গায় এগুলোর জন্য এর চাইতে বেশি আর কী করমু? ’
জ্যোৎস্নার স্বামী দুদু মিয়া বর্গাচাষি। আগে চাষাবাদ থেকে পাওয়া চাল-ডালে মোটামুটিভাবে তাঁদের সংসার ছয়-সাত মাস চলত। এখন ছেলে আবুল কাসেম এসএসসি পাস করার পর পড়াশোনা ছেড়ে বেকার। সাত সদস্যদের পরিবারের অবস্থার উন্নতির জন্য কিছু করবে, সে সুযোগ তার নেই।
পদ্মা সেতুর জন্য সরকার যেসব পরিবারের জমি অধিগ্রহণ করা হয়েছে, জ্যোৎস্না তাঁদেরই একজন। বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের জন্য সরকার কয়েকটি পুনর্বাসন কেন্দ্র করেছে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রে জ্যোৎস্নার ঠাঁই হয়েছে।
বাড়ি বাড়ি ফেরি করে সিলভারের জিনিসপত্র বিক্রি করেন নুরুল হক (৫০)। নাওডুবা পুনর্বাসন কেন্দ্রে পাঁচ শতাংশের প্লট পেয়েছেন, সেখানে গড়েছেন তিনটি ঘর। নিজের অবস্থাটা এভাবেই তুলে ধরেন নুরুল, ‘ব্যবসার আয় দিয়া ভালোমতো সংসার চলে না। উঠানে কোনো শাক-সবজি ফলাইতে পারি না। এহানে ছাগল পালার মতোও জায়গা নেই।’
ক্ষতিপূরণ হিসেবে পাওয়া টাকা দিয়ে কী করেছেন—জানতে চাইলে নুরুল জানান, নতুন করে ঘর বানাতে আর পরিবারের অভাব মেটাতে অধিকাংশ টাকাই খরচ হয়ে গেছে। তিনি বলেন, ‘যারা বেশি টাকা পাইছে, টাকা খাটাইয়া তারা ব্যবসা করতে পারছে, তাগো লাভ হইছে।’
নতুন পুনর্বাসন কেন্দ্রে আয় বাড়েনি দরজি আবদুর রহিমের। মাত্র আড়াই শতাংশ জায়গার বাড়ি বলে আক্ষেপ করে তিনি বলেন, ‘আমরা অনেক সময় অলস বইয়া থাহি। কোনো কাজ কইরা সংসারে যে একটু সহযোগিতা করমু, আমাদের অনেকেরই সে সুযোগ নাই।’
কাজের সন্ধানে তাঁর চার ভাইয়ের দুজন বাড়ি ছেড়েছেন এমনটা জানিয়ে রহিম বলেন, এখানকার অনেক লোকই কৃষক। এখন আশপাশের এলাকায় চাষের জমি পাওয়া দুষ্কর। ভবিষ্যতে কৃষিকাজ হয়তো করাও কঠিন হবে। শুধু মাথা নেড়ে রহিমের কথার সম্মতি জানান নুরুল।
মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রটি অবশ্য বেশ গোছানো। এখানকার বাসিন্দা শাহানা বেগম বলেন, ‘এখন তো আমরা শহরের মানুষ হয়ে গেছি, শুধু শহরের সুযোগসুবিধা নাই।’ আগে বলতে গেলে তাঁদের কিছুই কেনা লাগত না, এখন প্রায় সবই কিনতে হয় বলে দাবি করেন তিনি।
পুঁজির অভাবে ব্যবসা করতে পারছেন না বলে জানান শাহানার স্বামী হারুন হাওলাদার। তিনি বলেন, ‘আমাগো জন্য সরকার কোনো ব্যবস্থা করলে, আবার নতুন কইরা কিছু শুরু করতে পারব।’
সরকার কী ব্যবস্থা নিতে পারে-এ প্রশ্নের জবাবে হারুনসহ পুনর্বাসন কেন্দ্রের কয়েকজন বাসিন্দারা বলেন, তাঁদের জন্য প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে সমবায়ভিত্তিক ব্যবসার ব্যবস্থা করা হোক, যাতে তাঁরা কিছু করে খেতে পারেন। সেতু বিভাগের তথ্যমতে, পুনর্বাসন প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত মানুষদের আয় ও জীবিকার সংস্থানের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।