নতুন জীবনের স্বপ্ন তাঁদের

আয়ের একটা পথই খোলা ছিল রুবেলের সামনে। তা হচ্ছে দোকান থেকে কিংবা পথচারীদের কাছ থেকে ‘কালেকশন’ তোলা (টাকা আদায় করা)। কাজটি অসম্মানের, লোকজনকে জোরাজুরি করতে হতো। নানা বিদ্রূপ-কটূক্তি সহ্য করতে হতো। এসব শুনতে শুনতে জীবন বিষিয়ে উঠেছিল। তবে রুবেলের গ্লানিময় জীবন এখন পাল্টে গেছে। চার মাস আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
শুধু রুবেল একা নন, তাঁর মতো তৃতীয় লিঙ্গের (হিজড়া) আরও ছয়জনকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
অন্যরা হলেন মেহরাজ হোসেন, রবিন শেখ, মোহাম্মদ মিজান, মো. জাহাঙ্গীর, মো. রাসেল ও মো. আবদুল কালাম। প্রথম চারজন নগরের এনায়েত বাজার
ওয়ার্ডে, রুবেল ও রাসেল আলকরণ ওয়ার্ডে এবং কালাম পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব পালন করছেন।
গত রোববার বিকেলে আলকরণ ওয়ার্ড কার্যালয়ে কথা হয় রুবেলের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, জীবন চালাতে মানুষের কাছ থেকে এত দিন টাকা ‘কালেকশন’ করে গেলেও কাজটি তাঁর ভালো লাগত না। আবার এটি ছাড়া চলারও উপায় ছিল না। মানুষ দেখলেই দূরে সরে যায়, তাঁদের ভয় পায়, কাজ দেওয়ার তো প্রশ্নই আসে না।
রুবেল বলেন, ‘এখন টাকার জন্য দোকানে দোকানে যেতে হয় না। মানুষের কথাও শুনতে হয় না।’
পুনর্বাসনে সিটি করপোরেশনের এটি দ্বিতীয় পদক্ষেপ বলে জানান পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা। এর আগে ১৯৯৮-৯৯ অর্থবছরে তৎকালীন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ১০ জন হিজড়াকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নয়জনই চাকরি ছেড়ে চলে যান। একজন এখনো কাজ করে যাচ্ছেন।
এর আগে ২০১৬ সালের আগস্টে চট্টগ্রাম নগর পুলিশ অলংকার মোড় এলাকায় মেঘরানী নামের এক হিজড়াকে দোকান খুলে দিয়েছিল।
হিজড়াদের পুনর্বাসনের বিষয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রথম আলোকে বলেন, একদিন নগর ভবনে তাঁর কাছে এসে যেকোনো একটি চাকরি চান চার হিজড়া। তাঁরা লিখিতভাবে আবেদনও করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরিচ্ছন্নতা বিভাগে অস্থায়ী ভিত্তিতে তাঁদের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত মোট সাতজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
চাকরি পাওয়া সাতজন স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে মন্তব্য করেন মেয়র। তিনি বলেন, হিজড়াদের আচরণ ও ব্যবহারে সাধারণ মানুষ ও দোকানিরা অতিষ্ঠ। এখন তাঁদের যদি উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে মানুষকে আর বিরক্ত করবেন না। হিজড়াদের পুনর্বাসনের আরও পরিকল্পনা রয়েছে বলে জানান মেয়র।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ সূত্র জানায়, এনায়েত বাজার ওয়ার্ডে কর্মরত চারজনের তিনজন রাতে এলাকার বিভিন্ন সড়কে ঝাড়ু দেন। অন্যজন বাসাবাড়ি ও দোকান থেকে ময়লা-আবর্জনা সংগ্রহ করেন।
আলকরণ ওয়ার্ডে কর্মরত দুই পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব হচ্ছে দিনের বেলা ডাস্টবিন পাহারা দেওয়া। সিটি করপোরেশনের নতুন নিয়ম অনুযায়ী ‘ডোর টু ডোর’ (ঘরে ঘরে গিয়ে সরাসরি বর্জ্য সংগ্রহ) কর্মসূচির কারণে এখন আর দিনে কেউ ডাস্টবিনে ময়লা ফেলতে পারবে না। এ কর্মসূচির কারণে নগরের অনেক এলাকায় রাস্তার পাশের ডাস্টবিন উচ্ছেদ করে করপোরেশন। কিন্তু সেই খালি জায়গায় কেউ যাতে ময়লা ফেলতে না পারে, সেটিও পাহারা দেওয়ার দায়িত্ব ওই দুজনের। একই ধরনের দায়িত্ব পালন করেন পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের আবদুল কালাম।
রুবেল, রাসেল ও কালাম দায়িত্ব নেওয়ার পর মানুষ এখন ডাস্টবিন ও কনটেইনারে (ময়লা রাখা হয়) যখন-তখন ময়লা ফেলতে পারেন না। লোকজন এলে তাঁদের ময়লা ফেলতে নিষেধ করেন। ঘুরে ঘুরে এলাকার সব ডাস্টবিন ও কনটেইনার পাহারা দেন তাঁরা।
নতুন নিয়োগ পাওয়া পরিচ্ছন্নতাকর্মীদের কারণে এলাকার ডাস্টবিন ও কনটেইনারগুলোতে কেউ ময়লা ফেলতে পারেন না বলে জানান আলকরণ ওয়ার্ড কার্যালয়ের সচিব এস এম রেজাউল করিম।
চট্টগ্রামের হিজড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থা ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’। সংস্থার উপব্যবস্থাপক (অ্যাডভোকেসি) মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরে প্রায় ৩০০ হিজড়া রয়েছেন। তাঁদের মধ্যে সাতজনকে চাকরি দিয়ে করপোরেশন মহানুভবতার পরিচয় দিয়েছে। এখন তাঁরা সমাজে সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারবেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের মতো এ ধরনের উদ্যোগ নিতে পারে দেশের অন্য সিটি করপোরেশন ও প্রতিষ্ঠানগুলো। হিজড়াদের সমাজের মূল স্রোতে আনার জন্য এমন উদ্যোগ খুব জরুরি।