নতুন জোট করা নিয়ে বিভক্ত খেলাফত মজলিস
‘ন্যাশনাল ইসলামিক অ্যালায়েন্স’ নামের নতুন রাজনৈতিক জোট গঠন করা নিয়ে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে বিভক্তি দেখা দিয়েছে।
তিনটি ধর্মভিত্তিক দলের সমন্বয়ে গত সোমবার ন্যাশনাল ইসলামিক অ্যালায়েন্সের আত্মপ্রকাশ হয়। দল তিনটি হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, গণতান্ত্রিক ইসলামিক মুভমেন্ট ও পিপলস জাস্টিস পার্টি। জোটের আহ্বায়ক করা হয় খেলাফত মজলিসের আমির হাবিবুর রহমানকে। দলের মহাসচিব হুমায়ুন কবীরও জোট গঠনে সক্রিয় ছিলেন। নতুন এ জোট শেখ হাসিনা সরকারের অধীন আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে নেতারা জানান।
খেলাফত মজলিসের আরেকটি অংশ নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীন ছাড়া নির্বাচনে যেতে অনিচ্ছুক। গতকাল এক যৌথ বিবৃতিতে এ অংশের নেতারা বলেছেন, ২০০৬ সালে আওয়ামী লীগের সঙ্গে পাঁচ দফা চুক্তি করেছিল খেলাফত মজলিস। কিন্তু আওয়ামী লীগ তা পরবর্তী সময়ে প্রত্যাখ্যান করে এবং ৫ মে শাপলা চত্বরে ‘নবীপ্রেমিকদের শহীদ’ করে নিজেদের হাতকে রক্তে রঞ্জিত করেছে।
বিবৃতিতে সই করেছেন খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুর রব ইউসুফী, ইসমাইল নুরপুরী, যোবায়ের আহমেদ, খোরশেদ আলম ও যুগ্ম মহাসচিব তাফাজ্জুল হক আজিজ, মুহাম্মদ উল্লাহ জামী।