নতুন টিএসসিসি ভবন নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের নবনির্মিত ভবনের নকশাকে ‘বিতর্কিত ও অকার্যকর অবকাঠামো’ উল্লেখ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
একই দাবিতে দুপুর ১২টায় পৃথক সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক নেতারা। যাঁরা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
সাংস্কৃতিক জোটের সভাপতি সোহেল রানা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কৌশলে টিএসসিসির অকার্যকর অবকাঠামোটির নির্মাণকাজ শুরু করা হয়, যা টিএসসিসির নীতিমালা অনুযায়ী করা হয়নি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যেসব সুযোগ-সুবিধা থাকার কথা নতুন ভবনটির দ্বারা সেগুলো পূরণ করা সম্ভব নয়।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর টিএসসিসির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সম্প্রতি টিএসসিসির তত্ত্বাবধানে ‘রবীন্দ্র-নজরুল স্মরণে’ একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এতে টিএসসিসির প্রশিক্ষক আহসান কবির ও রকিবুল হাসান ‘শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবান্ধব ক্যাম্পাস এবং শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র’ শিরোনামে একটি নিবন্ধ লেখেন। সেখানে উল্লেখ করা হয়, ‘প্রগতিশীল শিক্ষকদের দাবির মুখে টিএসসিসি প্রতিষ্ঠা লাভ করে’, যা ভিত্তিহীন তথ্যের ওপর লিখিত। টিএসসিসি প্রতিষ্ঠার পেছনে সাংস্কৃতিক কর্মীদের অবদানের কথা অস্বীকার করা হয়।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানায় সাংস্কৃতিক জোট। দাবিগুলো হলো টিএসসিসির অকার্যকর অবকাঠামোটি পুনর্নির্মাণ ও স্থানান্তর, টিএসসিসি নীতিমালা নতুনভাবে প্রণয়ন ও বাস্তবায়ন, বিলি করা স্মরণিকাটি ফেরত নিয়ে সঠিক ইতিহাস তুলে ধরে নতুন করে স্মরণিকা প্রকাশ করতে হবে এবং যাঁরা প্রকাশনায় ইতিহাস বিকৃত করেছেন তাঁদের দুঃখ প্রকাশ করতে হবে।
এ ব্যাপারে টিএসসিসির বর্তমান পরিচালক অধ্যাপক টি এম এম নূরুল মোদ্দাসের চৌধুরী বলেন, স্মরণিকায় প্রকাশিত লেখার দায় লেখকের। এ বিষয়ে যা বলার লেখক বলবেন।
এদিকে একই স্থানে পৃথক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক ও নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে সাংস্কৃতিক কর্মীদের দ্বারা প্রত্যাখ্যাত ওই স্থাপনাটি নির্মাণের প্রচেষ্টা নেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিচর্চাকে সংকুচিত করার উদ্দেশ্যে। কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট বিষয়টি লিখিতভাবে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়। এরপরও কোনো কথা না বলে কর্তৃপক্ষ বিএনপি-জামায়াত জোট সরকার আমলের অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে কেন উদ্যোগ নিয়েছে তা আমাদের বোধগম্য নয়। নির্মিত ভবনে ২৫০ আসনের মিলনায়তন করা হয়েছে, আবার নকশার ত্রুটির কারণে ১৫০ জনের বেশি দর্শকের সঙ্গে সেই মিলনায়তনে অনুষ্ঠান দেখার উপায় নেই। ভবনে কবুতরের খোপের মতো মাত্র কয়েকটি অস্বাস্থ্যকর মহড়াকক্ষ সংযুক্ত করা হয়, যা সংস্কৃতিচর্চার উপযোগী নয়।
সংবাদ সম্মেলনে সংহতি প্রকাশ করে মুঠোফোনে কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে টিএসসিসি প্রতিষ্ঠা করা হয়েছিল, বর্তমান অবকাঠামো দিয়ে সে উদ্দেশ্য সফল করা সম্ভব নয়। সুতরাং নতুন করে টিএসসিসি ভবন নির্মাণ করা প্রয়োজন।’