নতুন টিভি এখনই নয়: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন টেলিভিশন চ্যানেলের আবেদন করলেও এই মুহূর্তে এসব আবেদন বিবেচনা করার কোনো পরিকল্পনা সরকারের নেই। আজ সোমবার সংসদে শামসুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
কাজী ফিরোজ রশীদ ও স্বপন ভট্টাচার্য্যের দুটি প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে এক হাজার ১৮৭টি তালিকাভুক্ত পত্রিকা রয়েছে।
তথ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মিডিয়া তালিকাভুক্ত ৩৪৫টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে ৭৩টি পত্রিকার প্রচার সংখ্যা ছয় হাজার। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা ১৩৬টি, মফস্বল থেকে প্রকাশিত হয় ২০৯টি। এ ছাড়া সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় ঢাকা থেকে ৪৭টি, মফস্বল থেকে ৩৩টি। পাক্ষিক পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত হয় ১৪টি, মফস্বল থেকে চারটি।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে অনলাইন গণমাধ্যমের কোনো নীতিমালা নেই। তবে অনলাইন গণমাধ্যমের জন্য ‘অনলাইন গণমাধ্যম সহায়ক নীতিমালা’ নামে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। হাজি মো. সেলিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অনুষ্ঠানমালার চাইতে বিজ্ঞাপন বেশি প্রচার হয়, এ কথা ঠিক নয়। বিটিভিতে অনুষ্ঠানমালার চাইতে অনেক কম বিজ্ঞাপন প্রচারিত হয়। তা ছাড়া বিটিভি বাণিজ্যিক উদ্দেশ্যে অনুষ্ঠান প্রচার করে না।
আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সম্পূরক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, অতিসত্বর বাংলাদেশ বেতার সারা দেশে এফএম ব্র্যান্ডে সম্প্রচার শুরু করবে। যে কোনো মুঠোফোন থেকে তা শোনা যাবে। তাই আপাতত কমিউনিটি রেডিও দেওয়ার পরিকল্পনা নেই। এর আগে একই সাংসদের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে ১৪টি কমিউনিটি রেডিও চালু রয়েছে। কমিউনিটি রেডিও সার্ভিসের জন্য আলাদা আলাদা এলাকা নির্ধারিত নেই।