
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার রাজধানীতে নতুন ট্যাক্সিক্যাব সার্ভিস উদ্বোধন করেছেন। ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের এই ট্যাক্সিক্যাব প্রকল্পের উদ্বোধনকালে তিনি প্রথম দুই কিলোমিটারের ভাড়া ১০০ টাকার পরিবর্তে ৮৫ টাকা নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। খবর বাসসের।
‘প্রথম দুই কিলোমিটারের ভাড়া ৮৫ টাকা নির্ধারণ সবার জন্য সুবিধাজনক হবে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জনগণ নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য অতিরিক্ত ভাড়া দিতে প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সেনাবাহিনীর প্রধান ও আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান জেনারেল ইকবাল করিম ভূইয়া এবং ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের চেয়ারম্যান মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন।
প্রধানমন্ত্রী বলেন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট দুস্থ সেনাসদস্যদের কর্মসংস্থান ও জনগণের সার্বিক কল্যাণের ব্রত নিয়েই বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের মতো মুনাফা অর্জনই এর মুখ্য উদ্দেশ্য নয়; বরং সামাজিক দায়বদ্ধতাকে কেন্দ্র করেই তাদের কার্যক্রম পরিচালিত হয়। তাদের পরিচালিত বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যেই সবার প্রশংসা অর্জন করেছে।
শেখ হাসিনা আরও বলেন, পৃথিবীর সব উন্নত দেশে ট্যাক্সিক্যাব একটি প্রয়োজনীয় সার্ভিস। মহানগরের অভ্যন্তরে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য, বিশেষ করে বিদেশি পর্যটকেরা ট্যাক্সিক্যাবের ওপরেই নির্ভর করেন। ঢাকা মহানগরে এই সার্ভিস ছিল অপ্রতুল। এতে একদিকে জনসাধারণ যেমন এই অপরিহার্য সেবা থেকে বঞ্চিত ছিল, অন্যদিকে বাংলাদেশে ভ্রমণকারী বিদেশি নাগরিক ও পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হচ্ছিল না। ঢাকাকে যানজটমুক্ত ও আধুনিক মহানগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের অন্যান্য কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেল পরিকল্পনা অনুমোদন ও মগবাজার-মালিবাগ ফ্লাইওভারের কাজ দ্রুত এগিয়ে চলছে। পার্শ্ববর্তী জেলাগুলো থেকে রাজধানীতে যাতায়াতের সময়ও কমে আসছে।
এ ছাড়া বেগুনবাড়ী খালসহ হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প, ধানমন্ডি লেকসংলগ্ন রাস্তাঘাট উন্নয়নসহ সৌন্দর্যবর্ধন প্রকল্পগুলোর বাস্তবায়ন ঢাকা শহরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাজধানীতে আর্টিকুলেটেড বাস সার্ভিস, বিআরটিসির নতুন রুট, স্কুল সার্ভিস, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা এবং প্রতিবন্ধীদের আসন সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তিনজন নির্বাচিত চালকের মধ্যে তিনটি প্রতীকী চাবি হস্তান্তর করেন।
ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস প্রাথমিকভাবে টয়োটা ব্র্যান্ডের জাপানে নির্মিত ১৫০০ সিসির ২৭টি ট্যাক্সিক্যাব পরিচালনা করবে। অপর বেসরকারি সংস্থা টমা গ্রুপ একই ব্র্যান্ডের ১৯টি ট্যাক্সিক্যাব পরিচালনা করবে। পর্যায়ক্রমে ঢাকা ও চট্টগ্রামে সর্বমোট ৬০০ গাড়ি পরিচালনা করবে দুই প্রতিষ্ঠান।