নতুন ট্রান্সফরমার বসেছে, স্বস্তিতে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ২০০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন নতুন বৈদ্যুতিক ট্রান্সফরমার গতকাল রোববার বসানো হয়েছে। এর ফলে তিন দিন পর বিদ্যুতের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে রোগীরা।
গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের পুরোনো ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এ কারণে হাসপাতালের বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় বিপর্যয় দেখা দেয়। বিভিন্ন ওয়ার্ডে পাখা না চলায় এবং জরুরি কিছু সেবা বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হয় রোগীরা।
গতকাল বিকেল থেকে নতুন ট্রান্সফরমারের মাধ্যমে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে। প্রতিটি ওয়ার্ডে পাখা থেকে শুরু করে সব ধরনের সেবা দেওয়া সম্ভব হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি প্রথম আলোকে বলেন, এক্স-রে, আলট্রাসনোগ্রাফিসহ বিভিন্ন সেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। এতে রোগীদের সমস্যা দূর হয়েছে।
শনিবার রাতে ২০০০ কেভিএ ক্ষমতার ট্রান্সফরমারটি চমেক হাসপাতালে পৌঁছায়। রোববার সকাল থেকে এটি স্থাপনের কাজ শুরু করে হাসপাতালের অবকাঠামো তদারকির দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ।
জানতে চাইলে গণপূর্ত দপ্তরের উপসহকারী প্রকৌশলী তৌহিদ আকবর জানান, নতুন ট্রান্সফরমারের মাধ্যমে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।