নতুন ট্রেড ইউনিয়নের দাবিতে রাস্তা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় গতকাল রোববার বিকেলে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ রাস্তা থেকে শ্রমিকদের সরাতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। নতুন ট্রেড ইউনিয়ন গঠনের দাবিতে ডিলাক্স ফ্যাশন কারখানার শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। তখন পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে শ্রমিকদের।

আহত শ্রমিকদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।

নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ডিলাক্স ফ্যাশন কারখানার বর্তমান ট্রেড ইউনিয়নকে মানতে চাচ্ছেন না বেশির ভাগ শ্রমিক। এ নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের দেনদরবার চলছিল। দেনদরবারকারী শ্রমিকেরা দুপুরে খেতে বাইরে যান। এ সময় গুজব ছড়িয়ে দেওয়া হয় যে তাঁদের বেঁধে রাখা হয়েছে। এ গুজব ছড়িয়ে পড়লে বিকেলে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে অবরোধ করেন। এ সময় নগর পুলিশ ও শিল্প পুলিশ তাঁদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে। কিন্তু এরপরও শ্রমিকেরা অবরোধ না ওঠানোয় তাঁদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়। শ্রমিকেরাও পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মেরেছেন। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত পোশাকশ্রমিক মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, কারখানায় যে ট্রেড ইউনিয়ন আছে, সেটি শ্রমিকদের স্বার্থে কাজ করছে না। নতুন ট্রেড ইউনিয়নের দাবিতে তাঁরা রাস্তায় নামেন। তখন পুলিশ এসে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে সবাইকে সরিয়ে দেয়। শ্রমিকদের অনেকেই আহত হয়েছেন।

সন্ধ্যার পর পোশাক কারখানার মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, পুলিশ এবং বিজিএমইএর প্রতিনিধিরা সমঝোতা বৈঠকে বসেন। রাত সোয়া আটটার দিকে বৈঠক শেষ হয়। বৈঠকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০ সদস্যের কমিটি করে দেওয়া হয়, যাঁরা ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ড ও শ্রমিকদের সুবিধা-অসুবিধার বিষয়টি মালিকপক্ষের নজরে আনবে।

ডিলাক্স ফ্যাশন কারখানাটি ক্লিফটন গ্রুপের মালিকানাধীন। গ্রুপের পরিচালক মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, নতুন করে ট্রেড ইউনিয়ন গঠনের এখতিয়ার মালিকপক্ষের নেই। এটি সম্পূর্ণই শ্রম অধিদপ্তরের যুগ্ম পরিচালকের এখতিয়ার। কিন্তু শ্রমিকদের মধ্যে একটি পক্ষ উসকানিমূলক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। পরে বৈঠকে তাঁদের ভুল ভাঙানো হয়েছে। তাঁরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।