‘গণতন্ত্রকে বাদ দিয়ে নতুন কোনো তন্ত্রের কথা আমরা চিন্তাও করতে পারি না। নির্বাচনে অংশগ্রহণ না করে আপনারা ঘুমিয়ে থাকতে পারেন, তবে অন্যকে বাধা দিতে পারেন না।’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গতকাল বুধবার সন্ধ্যায় গণগ্রন্থাগার সেমিনার হলে মুনতাসির মিডিয়া আয়োজিত ‘মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডার আশালতা বৈদ্যর সংবর্ধনা ও আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব নারী মুক্তিযোদ্ধা এখনো সনদ ও সম্মান পাননি, তাঁদের সনদ ও সম্মাননা প্রদান করা হবে বলে জানান তিনি। তিনি আশালতা বৈদ্যর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
আশালতা বৈদ্য বলেন, ‘টাকা ও ধনসম্পদের লোভে মুক্তিযুদ্ধ করিনি। দেশের প্রতি মমত্ববোধের কারণেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।’ যেসব নারী মুক্তিযোদ্ধা এখনো সনদ পাননি, তাঁদের সনদ প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।