নতুন তফসিল ঘোষণা ভোট গ্রহণ ৭ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন পাবনার বেড়া পৌরসভার নির্বাচনের জন্য আবারও তফসিল ঘোষণা করেছে। গত সোমবার জারি করা প্রজ্ঞাপনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ আগস্ট। গত বছরের ৬ জুলাই নির্বাচন কমিশন বেড়া পৌরসভার তফসিল ঘোষণা করার পর উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০ আগস্ট তা স্থগিত করা হয়।
বেড়া পৌরসভার সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি। এরপর সীমানা-সংক্রান্ত জটিলতায় পাল্টাপাল্টি মামলা হলে বন্ধ হয়ে যায় নির্বাচন।
২০১১ সালের ৭ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সাঁথিয়া উপজেলার করমজা হাটসহ আমাইকোলা, দত্তকান্দি ও করমজা নিশিবাড়ি বেড়া পৌরসভার অংশ হিসেবে স্বীকৃতি পায়।
গত বছরের ৬ জুলাই নির্বাচন কমিশন সম্প্রসারিত অংশকে বাইরে রেখে বেড়া পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করে। ওই তফসিল অনুযায়ী গত বছরের ২৭ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীকও বরাদ্দ করা হয়েছিল। কিন্তু সম্প্রসারিত অংশ বাদ রেখে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে রিট হলে হাইকোর্ট গত বছরের ২ আগস্ট নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করার নির্দেশ দেন।
এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বেড়া পৌরসভার নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করেছিল।
এদিকে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ইতিমধ্যেই বেড়া পৌরসভার সম্প্রসারিত অংশসহ গোটা পৌরসভার ওয়ার্ড বিভক্তিকরণ সম্পন্ন হয়েছে। এর ফলে বর্তমানে বেড়া পৌরসভার ওয়ার্ডের সংখ্যা ১০টিতে উন্নীত হয়েছে, আগে ৯টি ছিল।
ঘোষিত তফসিলে বলা হয়েছে, ৭ আগস্ট বেড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ জুলাই, প্রার্থিতা যাচাই-বাছাই ১৪ জুলাই ও প্রত্যাহার ২২ জুলাই।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর মেয়র ও কাউন্সিলর পদে যাঁরা প্রতীক বরাদ্দ পেয়েছিলেন তাঁদের আবারও নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তবে নির্বাচন কমিশন বরাবর নির্বাচনী ফি বাবদ দাখিল করা গত বছরের ব্যাংক ড্রাফটেই চলবে।