নতুন তিন জাতের আম
আমচাষিদের জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্র (আম গবেষণাকেন্দ্র)। এই কেন্দ্র থেকে সম্প্রতি তিনটি নতুন জাতের আম মুক্তায়িত হয়েছে। আমগুলো হচ্ছে বারি আম-৬, বারি-৭ ও বারি-৮। জাতগুলো কেন্দ্রের প্রচলিত নির্বাচন-পদ্ধতিতে মুক্তায়ন করা হয়েছে।আম গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রশিদ জানান, নির্বাচন-পদ্ধতির মাধ্যমে এই তিন জাতের আমকে দীর্ঘ পর্যবেক্ষণ করা হয়। এরপর উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্র গাজীপুরের মূল্যায়ন কমিটি ২০০৯ সালে মূল্যায়ন করে ইতিবাচক মতামত দিয়ে অনুমোদনের জন্য কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং জাতীয় বীজ বোর্ডের কাছে পাঠায়। জাতীয় বীজ বোর্ড গত এপ্রিলের শেষের দিকে আম গবেষণাকেন্দ্রে রেজিস্ট্রেশন নম্বর এবং এই তিন জাতের আমের মুক্তায়নের জন্য অনুমোদন পাঠায়।মুক্তায়িত তিনটি নতুন জাতের আমের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আবদুর রশিদ জানান, বারি-৬-এর গড় ওজন ২৮০ গ্রাম। একটি ১২ বছরের গাছে ১৭০ কেজি আম উৎপাদিত হতে পারে। জুনের শেষ সপ্তাহের দিকে এই আম পাকে। আমের রং হলুদ, শাসের রংও হলুদ এবং ভক্ষণযোগ্য অংশ ৭২ শতাংশ। বারি-৭-এর গড় ওজন ২৯০ গ্রাম। মিষ্টতা ১৯ শতাংশ। একটি আট বছরের গাছে ১৬০ কেজি ফলন হতে পারে। ভক্ষণযোগ্য অংশ হচ্ছে ৭৭ শতাংশ। বারি-৮-এর গায়ের রং হালকা সবুজ। তবে শাসের রং কমলা। মিষ্টতা ২১ শতাংশ। একটি আট বছরের গাছে ১২৯ থেকে ১৬০ কেজি ফলন হতে পারে। এর ভক্ষণযোগ্য অংশ ৭৩ শতাংশ । উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, এর আঁটি থেকে চারা উৎপাদন হতে পারে। তিনটি জাতই উত্তরাঞ্চলের জন্য মুক্তায়িত করা হয়েছে। তিনটি জাতের চারা আগামী বছরের জুন থেকে আম গবেষণাকেন্দ্রে সীমিত আকারে পাওয়া যাবে।আম গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ১৯৯৩ সালে আম গবেষণাকেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় আম প্রদর্শনীতে আসা এই তিন জাতের আমকে ভালো জাত হিসেবে নির্বাচন করা হয়। এ ছাড়াও গবেষণাকেন্দ্রে এসব জাতের আমের চারা রোপণ করে দীর্ঘ পর্যবেক্ষণের মাধ্যমে ভালো জাত হিসেবে মুক্তায়িত করার জন্য বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যায়। তিনি আরও জানান, মুক্তায়িত এই তিন জাত উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো বহন করে। জাত তিনটি স্থানীয়ভাবে ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং জাত হিসেবে প্রতিষ্ঠিত ছিল না। বারি-৬ স্থানীয়ভাবে বউ ভুলানি এবং বারি-৭ আপেল আম নামে পরিচিত ছিল। বারি-৮ ছিল নামহীন গুটি আম।