নতুন তিন রুটে চালু হচ্ছে বাস আর ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস-ট্রেনে যোগাযোগ বাড়াতে এবার তিনটি নতুন রুট চালু হচ্ছে। এর মধ্যে খুলনার সঙ্গে কলকাতার সরাসরি যোগাযোগে বাস ও ট্রেন সার্ভিস চালু হচ্ছে। আর দিনাজপুরের বিরল থেকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর পর্যন্ত চলবে পণ্যবাহী ট্রেন। সবকিছু ঠিকঠাক থাকলে ৮ এপ্রিল নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার শীর্ষ বৈঠকের পর শুরু হবে এসব বাস-ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গত শনিবার প্রথম আলোকে বলেন, দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীরা ভারতের রাজধানী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বাস-ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, দুই দেশের মধ্যে এসব সেবা চালুর পাশাপাশি নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার শীর্ষ বৈঠকে নেপাল ও ভুটানকে নিয়ে চারদেশীয় মোটরযান চলাচল নিয়েও আলোচনা হবে। দুই বছর আগে এ নিয়ে চার দেশ চুক্তি সই করলেও ভুটানের অভ্যন্তরীণ কারণে যান চলাচল শুরু হয়নি। তাই ভুটানকে বাদ দিয়ে তিন দেশ নিজেদের মধ্যে যান চলাচল শুরু করতে পারে কি না, তা নিয়ে আলোচনা করবে ঢাকা ও দিল্লি। প্রয়োজনে চুক্তিটিতে কোনো পরিবর্তন আনতে হলে সবাই মিলে সেটা করবে।

বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা সাম্প্রতিক সময়ে এগোচ্ছে না জানিয়ে ঢাকার পক্ষ
থেকে নতুন প্রস্তাব দেওয়া হয় যে বাংলাদেশের ইচ্ছা ভারত-মিয়ানমার-থাইল্যান্ড হাইওয়েতে যোগদানের। এ বিষয়ে বাংলাদেশ আরও আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া মিজোরামের ডেমাগিরি ও রাঙামাটির থেগামুখ কাস্টমস স্টেশন স্থাপনের প্রস্তাব করেছে ভারত।

মানুষ ও পণ্যের সরাসরি যোগাযোগের তিনটি নতুন রুটের পাশাপাশি দুই দেশের জ্বালানি সহযোগিতায় নতুন অগ্রগতি হচ্ছে। যশোর-খুলনা অঞ্চলের গ্যাসের চাহিদা মেটাতে পশ্চিমবঙ্গ থেকে পাইপলাইনের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আনা হবে। প্রাথমিকভাবে ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড (আইওসিএল) পশ্চিমবঙ্গের দত্তপুলিয়া থেকে পাঠানো এলএনজি উড়িষ্যার ধামড়া বন্দরের নির্মাণাধীন গ্যাস পাইপলাইনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে যশোরের গ্যাস সঞ্চালন লাইনে যুক্ত করা হবে। পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন করে গ্যাসের পাইপলাইন এখন খুলনা পর্যন্ত যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

ভারতের আসাম রাজ্যের নুমালিগড় থেকে এখন প্রতি মাসে একটি ওয়াগনে হাইস্পিড ডিজেল বাংলাদেশে পাঠানো হয়। জুলাই থেকে ডিসেম্বরে নতুন রুট বিরল-রাধিকাপুর হয়ে দুই ওয়াগনে তেল পাঠাবে ভারত। ভারত থেকে হাইস্পিড ডিজেল পরে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আনা হবে। এই পাইপলাইন হবে ভারতের অর্থায়নে।

কুতুবদিয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের জন্য পেট্রোবাংলার সঙ্গে ভারতের পেট্রোনেটের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়েও দুই পক্ষ আলোচনা করেছে। এ ছাড়া দুই দেশের জ্বালানি চাহিদা মেটাতে ভূগর্ভে গবেষণার জন্য দুই প্রতিবেশী দেশ একে অন্যকে সহযোগিতা করবে।

 এ বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় আলাদা আলাদা সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।