নতুন তিন সেতুর নির্মাণকাজ শুরু হচ্ছে ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে তিনটি নতুন সেতু নির্মাণের কাজ আগামী ডিসেম্বরেই শুরু হচ্ছে। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার এই তিন সেতু নির্মাণে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ তিন সেতু হলো দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী।
সওজের পক্ষে প্রধান প্রকৌশলী এম ফিরোজ ইকবাল এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে তাদের মনোনীত প্রতিনিধি জেন্টা টাবে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির জীবন। বিদ্যমান কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন ইতিমধ্যে ধারণক্ষমতা অতিক্রম করেছে। এ বাস্তবতায় জাপানের অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় তিনটি নতুন সেতু নির্মাণ ও বিদ্যমান সেতুর সংস্কারকাজ হবে। ২০১৮ সালে যানবাহন চলাচলের জন্য এই সেতুগুলো উন্মুক্ত করে দেওয়া
সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংসদ শামীম ওসমান, নাজমুল হক প্রধান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, জাইকার বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি মিকিও হাতেইদা, প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইদুল হকসহ মন্ত্রণালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং জাইকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী নামের এই তিন সেতু নির্মাণে খরচ হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে ৬ হাজার ৪২৯ কোটি টাকা দেবে জাইকা। বাংলাদেশ সরকার দেবে ২ হাজার ৫৭ কোটি টাকা। জাইকা সেতু তিনটির নির্মাণ, পুনর্বাসন ও পরামর্শক-সংক্রান্ত খরচ দেবে। আর সরকারের টাকায় ভ্যাট-ট্যাক্স, প্রশাসনিক ও পুনর্বাসন-সংক্রান্ত খরচ মেটানো হবে। নতুন করে সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সেতুগুলো পুনর্বাসন করা হবে।