নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ চালু হচ্ছে
নতুন করে আরও তিনটি সরকারি মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কুষ্টিয়া, সাতক্ষীরা ও কিশোরগঞ্জে এই মেডিকেল কলেজ তিনটি প্রতিষ্ঠা করা হবে।চিকিৎসাশিক্ষার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা সরকারি এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাঁদের অভিমত, মেডিকেল কলেজ চালুর আগে প্রয়োজনীয়সংখ্যক যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব প্রথম আলোকে জানান, ১৫ কোটি মানুষের দেশে দেড় লাখ চিকিৎসক দরকার। অথচ আমাদের আছে মাত্র ৫০ হাজার। কিন্তু নতুন মেডিকেল কলেজ স্থাপনের আগে মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো ইত্যাদির দিকে নজর দিতে হবে।রশীদ-ই-মাহবুব জানান, আগে মেডিকেল কলেজ স্থাপনের আগে একটা প্রকল্প নেওয়া হতো। এখন অ্যাডহক ঘোষণা দিয়ে তারপর জোড়াতালি দিয়ে চালানো হয়। এভাবে চললে অভীষ্ট লক্ষ্যে কতটা পৌঁছানো যাবে, তা নিয়ে সংশয় আছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর প্রথম আলোকে জানান, সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে আরও বেশিসংখ্যক মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা দরকার। সরকারি মেডিকেল কলেজে শিক্ষার মান ভালো। শিক্ষকের কিছু সংকট আছে। প্রথম প্রথম কিছু অসুবিধা থাকলেও পরে তা কাটিয়ে ওঠা যাবে।খোঁজ নিয়ে জানা গেছে, এখন মেডিকেল কলেজগুলো চালানোর ক্ষেত্রে প্রধান বাধা শিক্ষকসংকট। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, দেশের ১৭টি সরকারি মেডিকেল কলেজে শিক্ষকের অনুমোদিত পদের সংখ্যা সাড়ে চার হাজার। এর মধ্যে দুই হাজার পদ শূন্য।নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেন, ‘আমরা কি ভুলে যাচ্ছি, যাঁরা এমবিবিএস পড়তে এসেছেন, তাঁরা চিকিৎসক হয়ে বের হবেন এবং তাঁরা মানুষের জীবন নিয়ে কাজ করবেন? শিক্ষকের অভাবে তাঁদের ভিতটাই তো দুর্বল রয়ে যাচ্ছে।’২০০৮-০৯ সালে প্রতিষ্ঠিত চারটি মেডিকেল কলেজ (যশোর, নোয়াখালী, কক্সবাজার ও পাবনা) ঘুরে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দু-তিন বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ওই কলেজগুলো জোড়াতালি দিয়ে চলছে। নিজেদের ক্যাম্পাস নেই, পর্যাপ্ত শিক্ষক নেই, গবেষণাগার পুরোপুরি চালু হয়নি, লাইব্রেরিতে যথেষ্টসংখ্যক বই নেই এবং শিক্ষার্থীদের আবাসনসংকট প্রকট।খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় জেনারেল হাসপাতালের কয়েকটি কক্ষ নিয়ে নোয়াখালী মেডিকেলের ক্লাস চলছে। এখানে অধ্যাপকের ২১টি পদের বিপরীতে আছেন মাত্র একজন। সহযোগী ও সহকারী অধ্যাপক মিলে যেখানে ১০০ জন শিক্ষক থাকার কথা, সেখানে আছেন ৩৬ জন। তাঁদের সিংহভাগ আবার স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওই মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিনের কোনো চিকিৎসক নেই। মানসিক রোগ, চর্ম ও যৌন রোগ, রেডিওথেরাপি ও দন্ত বিভাগের জন্য শিক্ষক চাওয়া হয়েছে অনেক আগে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই।নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ আবদুস সালাম জানান, মৌলিক বিজ্ঞান বিভাগে শিক্ষকের সংকট সবচেয়ে বেশি। ওই বিভাগে তিন থেকে পাঁচজন শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন।যশোর মেডিকেল কলেজেও করোনারি কেয়ার ইউনিটের দোতলায় কয়েকটি কক্ষ ধার করে ক্লাস চলছে। মৌলিক বিজ্ঞানের চারটি বিষয়ের জন্য একজনও অধ্যাপক নেই। চারজন সহকারী অধ্যাপক দিয়ে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও কমিউনিটি মেডিসিন বিভাগ চলছে। একাধিক শিক্ষক বলেন, শারীরতত্ত্ব বিভাগে তাঁদের কমপক্ষে চারজন, অ্যানাটমিতে আটজন, বায়োকেমিস্ট্রিতে চারজন ও কমিউনিটি মেডিসিনে দুজন শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। তবে যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ এনায়েত করিম জানান, তাঁদের খুব একটা অসুবিধা হচ্ছে না।কক্সবাজার মেডিকেল কলেজের কাজও চলছে কক্সবাজার সদর হাসপাতালের কয়েকটি কক্ষে। ২০০৯ সালে কলেজটি প্রতিষ্ঠার পর কর্তৃপক্ষ জনপ্রশাসন মন্ত্রণালয়ে ১৬৯ জনের একটি জনবল কাঠামো জমা দেয়, কিন্তু তার কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বিভিন্ন হাসপাতাল থেকে প্রেষণে আসা শিক্ষকেরা ওই মেডিকেল কলেজটি চালাচ্ছেন।২০০৮-০৯ সালে প্রতিষ্ঠিত চারটি মেডিকেল কলেজের মধ্যে পাবনা মেডিকেল কলেজ কিছুটা এগিয়ে আছে বলে দাবি করেছেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইফতেখার মাহমুদ। প্রথম আলোকে তিনি জানান, প্রথম প্রথম গভীর সংকট ছিল। এখন অনেকটা সামলে নেওয়া গেছে, কিন্তু সেখানেও মৌলিক বিজ্ঞান বিভাগে শিক্ষকের সংকট আছে। প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নোয়াখালী থেকে মাহবুবুর রহমান এবং কক্সবাজার থেকে আব্দুল কুদ্দুস।