নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করা হচ্ছে
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আগামী সপ্তাহে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশন নিবন্ধিত দলগুলোর মাঠপর্যায়ের কার্যক্রম যাচাই করবে।নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গতকাল বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি জানান, ১০ম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনের জন্য কমিশনের হাতে এক বছরের বেশি সময় আছে। এ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নতুন দলগুলোকে নিবন্ধিত হতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী নির্বাচনে অংশ নিতে হলে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধিত হতে হবে। ২০০৮ সাল থেকে এ বিধান চালু হয়। এই আইনের আওতায় ২০০৮ সালে ৩৯টি দল নিবন্ধন পায়। পরে শর্ত ভঙ্গ করায় ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করা হয়।মো. শাহনেওয়াজ বলেন, এখন থেকে কমিশন সচিবালয়ের কাগজপত্রে ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ শব্দের পরিবর্তে ‘নির্বাচন কমিশন, বাংলাদেশ’ লেখা হবে। এটা কোনো নাম পরিবর্তন নয়; বরং সংবিধান অনুসরণে নির্বাচন কমিশন, বাংলাদেশ লেখা হবে। ইংরেজিতে তা হবে ইলেকশন কমিশন ফর বাংলাদেশ।