মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ, সাইবার নিরাপত্তা জোরদার ও সন্ত্রাসী তৎপরতা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি নতুন দলিলে সই করেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মুসতাক আহমেদ ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা নিজ নিজ দেশের পক্ষে ‘বাংলাদেশ-ইউএস কাউন্টার টেরোরিজম কো-অপারেশন ইনিশিয়েটিভ’ শীর্ষক দলিলটি সই করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সই হওয়া দলিলটি বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে সন্ত্রাসবাদ রোধে দুই দেশ ব্যাপকতর সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। তবে এ দলিল বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আইনগত বাধ্যবাধকতা থাকবে না।
সই হওয়া দলিল অনুযায়ী, মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদের অর্থায়ন রোধে দুই দেশের সহযোগিতা জোরদার করা হবে। পারস্পরিক অনুরোধের ভিত্তিতে সমন্বিত সাইবার অপরাধ রোধে নিরাপত্তা এবং বন্দর ও সীমান্তের নিরাপত্তা জোরদারে সহায়তা বাড়ানো হবে। নীতিমালা প্রণয়নের সমীক্ষায় সহযোগিতার পাশাপাশি সন্ত্রাসী হামলা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এ উদ্যোগের ফলে দুই দেশ সন্ত্রাসবাদ প্রতিরোধে আধুনিক কলাকৌশল বিনিময়, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানো, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধিসহ উভয় দেশের সম্মতিক্রমে সাইবার অপরাধ দমনে সহযোগিতা করতে পারবে।
অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, এই চুক্তি সইয়ের ফলে বিশ্বব্যাপী সন্ত্রাসের যে থাবা প্রসারিত হয়েছে, তা নিরসনে দুই দেশ যৌথভাবে কার্যকরী ভূমিকা পালন করবে।