প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মোশাররফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর ফরিদপুর শহরতলির বদরপুর এলাকার নিজ বাড়ি আফসানা মঞ্জিলে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি এ কৃতজ্ঞতা জানান।
আজ বিকেলে সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয় থেকে অব্যাহতি দিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। আর এলজিআরডি মন্ত্রী করা হয়েছে খন্দকার মোশাররফ হোসেনকে। একই সঙ্গে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বেও থাকবেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমার প্রথম ও প্রধান কাজ হবে মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী কর্মসূচি ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ বাস্তবায়নের মাধ্যমে পল্লি উন্নয়ন ত্বরান্বিত করা। নতুন দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে এ মন্ত্রণালয় পরিচালনা করা হবে। এ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি গ্রামের উন্নয়নের সুযোগ রয়েছে। এই কাজ করার সুবাদে গ্রামীণ অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নত জনপদ গড়ে তোলা হবে।
খন্দকার মোশাররফ বলেন, আমার কর্মজীবন শুরু হয়েছিল এই (স্থানীয় সরকার মন্ত্রণালয়) মন্ত্রণালয়ে কাজ করার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী আমাকে এই শেষ জীবনে আরও কাজ করার যে সুযোগ করে দিয়েছেন। আমি সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করব।
পরে খন্দকার মোশাররফ ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।