নতুন দুই মন্ত্রী নিয়ে আপত্তি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভার নতুন দুজন সদস্য সম্পর্কে আপত্তি তুলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং দুর্নীতিকে সমর্থন করার অভিযোগ তুলেছে বিএনপি। দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার ছাত্রদলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ তোলেন।মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘সুপ্রিম কোর্ট মহীউদ্দীন খান আলমগীরের সংসদ সদস্যপদ বাতিল করেছেন। তাঁকে আপনি মন্ত্রী করে সংবিধান লঙ্ঘন করেছেন কি না, দেখুন।’ নবনিযুক্ত আরেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠা সাঁকোর এমডিকে মন্ত্রী করেছেন। এঁদের মন্ত্রী করে আপনি দুর্নীতিকেই সমর্থন করছেন।’রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির চতুর্থ বার্ষিকী উপলক্ষে এ সমাবেশ করা হয়। ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে জাতির প্রত্যাশা পূরণে অগ্রগামী দলের ভূমিকা পালন করার আহ্বান জানান মির্জা ফখরুল।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, শহীদ উদ্দীন চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ প্রমুখ।ক্ষমতায় গেলে বিদ্যুতের দাম কমাবে বিএনপি: বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে আলোচনা করে বিদ্যুতের দাম কমানো হবে বলে ঘোষণা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিদ্যুৎ ও জ্বালানি সংকট: উত্তরণের পথ’ শীর্ষক বিএনপি আয়োজিত গোলটেবিল আলোচনায় ফখরুল এ ঘোষণা দেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে তাঁর দল বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে টেকসই উন্নয়নের ওপর জোর দেবে।বর্তমান সরকারের আমলে রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কুইক রেন্টাল চালু করার পর আমি বলেছিলাম, কুইক কমিশনের জন্য এ ব্যবস্থা। এখন সেটি প্রমাণিত হয়েছে। সরকারের লুটপাটের ইতিহাস প্রকাশ পেতে শুরু করেছে।’ তিনি বলেন, রেন্টাল ও কুইক রেন্টালের জন্য ২০০৮ সাল থেকে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। এটি না করে পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো সংস্কার করলে এর চেয়ে বেশি লাভ হতো।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান বলেন, ‘চুরিচামারি করার জন্য, আত্মীয়স্বজনের সেবার জন্য, নির্বাচনে পাস করার জন্য যে টাকা দরকার, তা জোগাড় করার জন্যই এই কুইক রেন্টাল।’আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আ ন হ আখতার হোসেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহাবুব উল্লাহ, সাবেক সচিব এ এম এম নাছির উদ্দিন প্রমুখ আলোচনায় অংশ নেন।