নতুন দুই হেলিকপ্টার জাহাজ থেকে পরিচালিত হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবহারের উপযোগী জ্বালানি তেল সংগ্রহ করা সম্ভব না হওয়ায় বাংলাদেশ নৌবাহিনীর সদ্য কেনা দুটি অর্গানিক হেলিকপ্টার যুদ্ধজাহাজ (ফ্রিগেড) থেকে পরিচালনা করা যাচ্ছে না। ২০০১ সালের ২০ জুন নৌবাহিনীতে অন্তর্ভুক্ত যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধুতে রেখে ব্যবহারের জন্য দুটি হেলিকপ্টার সংগ্রহ করা হয়। জানা গেছে, ১৬৪ কোটি টাকা ব্যয়ে হেলিকপ্টার দুটি ইতালির প্রতিষ্ঠান অগস্টা ওয়েস্টল্যান্ড থেকে কেনা হয়। গত ১৪ জুন হেলিকপ্টার দুটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীকে হস্তান্তর করা হয়। নৌবাহিনী সূত্র জানায়, যুদ্ধজাহাজে রেখে যে ধরনের জ্বালানি তেল দিয়ে হেলিকপ্টার দুটি পরিচালনার কথা, সেই তেল গত দুই মাসেও সংগ্রহ করা যায়নি। ফলে হেলিকপ্টার দুটি জাহাজের পরিবর্তে উপকূল থেকে পরিচালনা করতে হচ্ছে। এতে নৌবাহিনীর প্রয়োজনীয় প্রশিক্ষণকাজ পরিচালনা সম্ভব হচ্ছে না। সূত্র জানায়, নির্মাতা প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী, জাহাজ থেকে পরিচালনা করতে হলে অর্গানিক হেলিকপ্টার দুটি জেপি-৫ নামের একধরনের বিশেষায়িত জ্বালানি তেল ব্যবহার করতে হবে। এর আগে বাংলাদেশের কোনো হেলিকপ্টারে এই তেল ব্যবহার করা হয়নি।জানা গেছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উড়োজাহাজ ও বিমানবাহিনীর হেলিকপ্টারগুলো জেটএ-১ নামের জ্বালানি তেল দিয়ে উপকূল থেকে পরিচালনা করা হয়। এই তেল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অর্থ ব্যয়ে আমদানির পর পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে বিপণন করা হয়। নৌ সদর দপ্তর থেকে বিপিসিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে চিঠি দিয়ে হেলিকপ্টার দুটির জন্য বছরে অন্তত ৬০ মেট্রিক টন জেপি-৫ নামের জ্বালানি তেল আমদানির অনুরোধ করা হয়।জানা গেছে, চিঠি পাওয়ার পর বিপিসি দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে দুই সপ্তাহ আগে জেপি-৫ উ ৎপাদন শুরু করে। এই তেল দিয়ে নতুন কেনা হেলিকপ্টার দুটি চলবে কি না, তা জানতে চাওয়া হয় নৌ সদর দপ্তরে।সর্বশেষ গত রোববার নৌ সদর দপ্তর থেকে আরও একটি চিঠি দিয়ে বলা হয়, উ ৎপাদিত জেপি-৫-এর নমুনা ইতালির হেলিকপ্টার সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে। তারা অনুমোদন দিলে দেশে উ ৎপাদিত জেপি-৫ তেল দিয়েই নতুন কেনা হেলিকপ্টার দুটি পরিচালনা করা হবে। অন্যথায় জেটএ-১-এর মতো জেপি-৫ বিপিসিকে আমদানি করতে হবে। আমদানি ব্যয় নৌবাহিনী বহন করবে।নৌবাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, জাহাজ থেকে পরিচালনা সম্ভব না হলেও হেলিকপ্টার দুটি উপকূল থেকে গভীর সাগরের জাহাজে পাঠানো হচ্ছে। এরই মধ্যে হেলিকপ্টার দুটি অন্তত দুবার সাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধুতে সফলভাবে অবতরণ করে আবার ফিরেও এসেছে। এ ছাড়া উপকূল থেকে পরিচালনার মাধ্যমে কিছু প্রশিক্ষণ কার্যক্রমও চালানো হচ্ছে।