প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ এবং ‘বাংলা ভাষা’ শীর্ষক নতুন দুটি কোর্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই কোর্সগুলো ইতিপূর্বে চালু হওয়া বাংলাদেশ স্টাডিজের বিকল্প হবে না। গতকাল বুধবার ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ে অবিলম্বে কোর্স দুটি চালু করার জন্য সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে ইউজিসি। যেসব বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, সক্ষমতা সাপেক্ষে সেখানে এসব বিষয়ে বাংলার বিকল্প হিসেবে অন্য কোনো বিদেশি ভাষায় কোর্স চালু করা যেতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জুন ইউজিসির ১৪৪তম পূর্ণ কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান আবদুল মান্নান। নিজস্ব প্রতিবেদক