
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। চারটি ঘাটের তিনটি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। নতুন করে তৈরি করা হচ্ছে আরও দুটি ঘাট।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম গতকাল শুক্রবার জানান, বর্তমানে চারটি ঘাটের মধ্যে তিনটি চালু হলেও ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরিতে স্বাভাবিকভাবে গাড়ি ওঠানামা করছে। ২ নম্বর ঘাটটি ছোট ফেরির জন্য তৈরি করা হলেও সেগুলোর ইঞ্জিন দুর্বল হওয়ায় ভিড়তে পারছে না। সেখানে শুধু মাঝারি ফেরিগুলো ভিড়তে পারছে। আর ১ নম্বর ঘাটটি আপাতত চালুর সুযোগ নেই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং ইউনিট) মাশরেকুল আরেফিন জানান, ভাঙনের কারণে সম্প্রতি দৌলতদিয়ার চারটি ঘাটের মধ্যে তিনটি বন্ধ হয়ে পড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে অচলাবস্থা তৈরি হয়েছিল। অচলাবস্থা কাটাতে মন্ত্রণালয়ের নির্দেশে দুটি নতুন ঘাট তৈরি করা হচ্ছে। গত সোমবার রাত থেকে খননকাজ শুরু হয়েছে। ভাঙনে বন্ধ থাকা ১ নম্বর ঘাট থেকে প্রায় দুই হাজার ফুট উজানে খননযন্ত্র দুটি বসানো হয়।
মাশরেকুল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ১ নম্বর ঘাটের পর থেকে লঞ্চঘাট চ্যানেল ধরে প্রায় ৩৬০ ফুট প্রশস্ত করে তিন লাখ ঘন মিটার মাটি অপসারণের লক্ষ্যমাত্রা নিয়ে খনন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত প্রায় আট হাজার ঘন মিটার বালু তোলা হয়।
গতকাল সকালে ১ নম্বর ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটসংলগ্ন সিদ্দিক কাজীপাড়ায় ভেঙে যাওয়া স্থানের সামনেই বালু ফেলা হচ্ছে দুটি খননযন্ত্র দিয়ে। সেখানে কথা হয় স্থানীয় লোকজন ও খননের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে।
ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী জানান, খনন করা মাটি যেমন ওই এলাকার ভাঙন ঠেকাবে, তেমনি এই মাটি দিয়ে নতুন ঘাটের রাস্তাও তৈরি হবে। ডিসেম্বরের শেষ নাগাদ অথবা মধ্য জানুয়ারিতে খনন শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, পাটুরিয়া ঘাটের ডুবোচর খনন করতে গতকাল সেখানেও খননযন্ত্র বসানো হয়েছে।
এদিকে জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণে ঘাটের এই অচলাবস্থা তৈরি হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল অভিযোগ করেন, ঘাট রক্ষায় দায়িত্ব পালনকারী সংস্থা বিআইডব্লিউটিএ, নদী রক্ষার দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং ফেরি সচল রক্ষাকারী সংস্থা বিআইডব্লিউটিসি—এই তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় না থাকায় ঘাটের এই দুরবস্থা। তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে রাজবাড়ীর পাংশা পর্যন্ত পদ্মা তীরবর্তী এলাকা দিয়ে বিশেষ বাঁধ তৈরি করে নদী শাসনের দাবি জানানো হচ্ছে অনেক দিন থেকে। কিন্তু বিষয়টি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান গুরুত্ব দেয়নি। ফলে বেশ কিছুদিন ধরে ভাঙনে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ঘাট বন্ধ থাকছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ।