
কাপ্তাই বন বিভাগের বিশ্রামাগার ‘বনফুলে’ ঢুকেছি বেশ রাত করেই। আমরা যাব, তা জেনেই সম্ভবত উঠান আর দালানের সর্বত্র আলোকশিখার বিস্তার। আর সেটাই তৈরি করেছিল বুনো পোকামাকড়ের জন্য দারুণ এক আকর্ষণ।
বনফুলে পা দিতেই দেখলাম মেঝে থেকে শুরু করে দেয়ালের নানা জায়গায়, বিশেষ করে যেসব স্থানে বৈদ্যুতিক বাতি লাগানো, সেগুলোকে ঘিরে কীটপতঙ্গের ঝাপটানি। বহু দিশেহারা পতঙ্গ আমাদের গায়েও এসে পড়ছিল। মাল-সামান নিয়ে যার যার কামরায় পৌঁছাতে কিছুটা বেগই পেতে হলো।
হাতের নাগালের মধ্যে প্রজাপতি, দেয়ালি পোকা বা মথ, বোলতা, পিঁপড়ে, ফড়িং, গুবরে পোকা, গন্ধি পোকা, মশা, মাছি, ভিমরুল, প্রেইং ম্যান্টিস, তুরকুলা, উড়চুঙ্গা, ডাস, ঝিঁঝিপোকা, জোনাকি, উচ্চিংড়া বা ঘুর্ঘুরে পোকা—ইংরেজিতে যাকে বলে সাইকাডা—যেন কেবলই হাতছানি দিচ্ছিল ওদের ছবি তোলার জন্য। ওদের ভক্ষণ করতে আরও ব্যস্ত ছিল দু-তিন প্রজাতির টিকটিকি ও তক্ষক।
তড়িঘড়ি করে ব্যাকপ্যাকের পুঁটলি থেকে ক্যামেরা বের করে ওগুলোর ছবি তুলতে তুলতে নজর পড়ল বেশ বড় ও অভিনব সবুজ—যাকে বলে জেড গ্রিন— তেমন বেশ কয়েকটি উচ্চিংড়া। একটি উচ্চিংড়া তো খাবি খেতে খেতে পায়ের কাছে এসে মেঝেতেই বসে পড়ল। ওড়ার সময় এগুলো শব্দ করে বেশ জোরে। অনেকটা বলতে পারি বাজিং। আকারে ভিমরুলের চেয়ে বড়। বিশেষ করে প্রায় স্বচ্ছ ডানা দেহের তুলনায় দ্বিগুণ দীর্ঘ। ডানার শিরাগুলো কালো। চোখ কমলা বা লালচে। শুঙ্গ ও সামনের পা কমলা। পেছনের পা সবুজাভ। কোনো নমুনা তুলে ধরিনি বলে পেটের দিকটি দেখিনি। শখের বশে কেবল ছবি তুলেছি।
মালয়েশিয়ার উচ্চিংড়াদের নিয়ে ১৯০০ সালে টমাস নেলসন অ্যানানডেল নামের এক ইংরেজ বিজ্ঞানী প্রসিডিংস অব দ্য জ্যুলজিক্যাল সোসাইটি অব লন্ডনের ৮৫৯-৬১ পৃষ্ঠায় বক্তব্য দিয়েছিলেন। তার কিছুটা ভাবানুবাদ করছি: ‘সূর্য ডোবার ঠিক পরপর স্থানীয় বাসিন্দারা বনের কোনো নির্দিষ্ট জায়গায় কিছুটা উন্মুক্ত স্থানে জড়ো হয়। জঙ্গল থেকে কুড়ানো শুকনো কাঠ জড়ো করে তাতে আগুন দেয়। নয়তো ডালের আগায় জ্বলন্ত মশাল বেঁধে সেটি এক জায়গায় মাটিতে পুঁতে দেয়। তারা দাঁড়ায় সেটিকে কেন্দ্র করে। এরপর পালা করে ছন্দময় তালে একযোগে হাতে তালি দেয়। ভাগ্য খুব প্রসন্ন হলে চারপাশের ঝোপ-জঙ্গলের নিচ থেকে খুব দ্রুত উচ্চিংড়া বের হয়ে উড়ে এসে বসে ওই স্থানীয়দের শরীরের এখানে-সেখানে। তারা যার যার গায়ে এসে পড়া উচ্চিংড়া ধরে নিজেদের অঙ্গাবরণের বিশেষ খোপে সেগুলো সংগ্রহ করে (পরে সম্ভবত সেগুলো পুড়িয়ে খায়)।’
উচ্চিংড়ারা রাতের বেলা যেকোনো প্রজ্বলিত উৎসের দিকে ধাবিত হয়। বনফুলের বিজলিবাতি সে রাতে পোকার আকর্ষক উৎস হিসেবে কাজ করেছে।
দেয়ালে বসা কীটের ছবি তোলার সময় দৃষ্টি আকর্ষণ করল খুব ছোট এক ধরনের উচ্চিংড়া। এর আগে এগুলোর নমুনা দেখেছি লাউয়াছড়া ও হাজারিখিলে, বৃষ্টি-বাদলার দিনে। আকার প্রায় মিশমিশে কালো মৌমাছির মতো। কিন্তু মোটাতাজা এই উচ্চিংড়াগুলোর কপাল, ঘাড় ও পিঠ বেশ সিঁদুরে লাল। বৃষ্টির কারণে কখনো ভালো ছবি তুলতে পারিনি। এবার এই পতঙ্গগুলোই যেন পাগল হয়ে উঠেছে বনফুলের আলোকচ্ছটায়।
সবুজ উচ্চিংড়ার চেয়ে আকারে ছোট, দেহ অনেকটা তাঁবুর মতো চূড়াযুক্ত। সারা দেহ, এমনকি ডানা ও পাগুলো পর্যন্ত কালো। কালো ডানায় ঢাকা দেহের পুরো পেছন দিকটা লাল।
বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকায় অবস্থিত আইইউসিএন বাংলাদেশ অধ্যায় ও বাংলাদেশের বন বিভাগের উদ্যোগে বন্য প্রাণী গবেষণা ও ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ সরকার বিশাল প্রকল্প হাতে নিয়েছে। তার এক উপপ্রকল্পের কাজ হবে দু বছরের মধ্যে দেশের প্রায় ১৫০-২০০ বিজ্ঞানীর সহায়তায় চিংড়ি-কাঁকড়া, প্রজাপতি, মিঠা পানির মাছ, উভচর, সরীসৃপ,
পাখি ও স্তন্যপায়ী প্রাণীর প্রায় ১,৭০০টি প্রজাতিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিপন্নতার মানদণ্ডে ফেলে বাংলাদেশে সেগুলোর অবস্থান নির্ণয় করা। তারই অংশ হিসেবে কাপ্তাই, থানচি, রুমাবাজার ও বগা লেকে ২৮ মার্চ থেকে ১ এপ্রিল আমি প্রজাপতি বিষয়ে মাঠ গবেষণার কাজে নেতৃত্ব দিই। সঙ্গে ছিলেন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রজাপতিবিশারদ মনোয়ার হোসেন ও তাঁর দুজন গবেষণারত ছাত্রছাত্রী এবং আইইউসিএন প্রাণীর লাল তালিকা প্রণয়নের ব্যবস্থাপক মাহবুব সাহাদাত চৌধুরী ও গবেষক সেলিনা সুলতানা।
বনফুল বিশ্রামাগারে উচ্চিংড়াদের ছবি তোলার পর ফিরে যাই দুবাইয়ে। সেখানে ছবিগুলো কম্পিউটার থেকে এক্সটারনাল হার্ডড্রাইভে তোলার সময় মনে হয় এগুলো সম্পর্কে কোনো তথ্য তো দেশের কোনো বইপুস্তকে দেখিনি। এশিয়াটিক সোসাইটির প্রাণী ও উদ্ভিদবিষয়ক যে ২৮ খণ্ডের বিশ্বকোষ রয়েছে, তাতে খুঁজে বোঝা গেল, উচ্চিংড়াদের যে দুটি প্রজাতির ছবি আমরা তুলেছি সেগুলোর ব্যাপারে দেশে কোনো তথ্য নেই। ফলে ধরে নেওয়া যাচ্ছে, বাংলাদেশ থেকে কেউ এ পর্যন্ত এ প্রজাতি দুটোর তথ্য লিপিবদ্ধ করেনি।
সবুজ উচ্চিংড়ার ইংরেজি ও বৈজ্ঞানিক নাম যথাক্রমে জেড গ্রিন সাইকাডা ও dundubia vaginata এবং সিঁদুরে ও কালো প্রজাতিটির নাম যথাক্রমে ব্ল্যাক অ্যান্ড স্কারলেট সাইকাডা ও huechys sanguinea।
ড. রেজা খান: দুবাই মিউনিসিপ্যালিটির চিড়িয়াখানা ও বন্য প্রাণী বিশেষজ্ঞ।