নতুন দেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। এসব জায়গায় শোভাযাত্রায় শিশুদের হাতে ‘নতুন করে গড়ব দেশ/ বঙ্গবন্ধুর বাংলাদেশ’, দিনবদলের স্বপ্নাবেশ/ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পরিষদ প্রশাসক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে শিশু সমাবেশ হয়। এ ছাড়া জেলা প্রশাসন ও শিশু একাডেমী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, স্বাধীনতাবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
সুনামগঞ্জ: জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ ছাড়া শহরে পৃথক শোভাযাত্রা করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এ উপলক্ষে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের শতাধিক শিশুকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
ধরমপাশা (সুনামগঞ্জ) উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, মহিলাবিষয়ক কর্মকর্তা মোতাহার হোসাইন প্রমুখ।
ময়মনসিংহ: জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। এ ছাড়া ময়মনসিংহের ভালুকা, মুক্তাগাছাসহ বিভিন্ন উপজেলায় উপজেলা প্রশাসন ও দলীয় উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।
শেরপুর: জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠান হয়। সকাল নয়টায় শেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।
সেখানে শিশু সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। পরে প্রধান অতিথি হুইপ মো. আতিউর শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ভৈরব: ভৈরব বাসস্ট্যান্ড সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। সকালে উপজেলা প্রশাসন উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সকালে পুরাতন স্টেডিয়াম থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর জীবন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সম্পর্কে আলোচনা হয়। দুপুরে হাসপাতাল, জেলাখানা, এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়।
নিকলী (কিশোরগঞ্জ): গতকাল সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিকলী জি সি পাইলট বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের করে। পরে মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ মাঠে ইউএনও মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। উপজেলা হাসপাতালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়। মসজিদ এবং মন্দিরে দোয়া ও প্রার্থনা হয়।