নতুন দেশ গড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। এসব জায়গায় শোভাযাত্রায় শিশুদের হাতে ‘নতুন করে গড় দেশ/ বঙ্গবন্ধুর বাংলাদেশ’, দিনবদলের স্বপ্নাবেশ/ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
চট্টগ্রাম: গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সহসভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, জহিরুল আলম দোভাষ, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথাকথিত হরতাল-অবরোধে জনগণ এখন আর সাড়া দিচ্ছে না। হরতাল-অবরোধের নামে এখন চোরাগোপ্তা হামলা চলছে। এটাকে কোনোভাবে আন্দোলন বলা যায় না। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না।
এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুর জন্মদিন উদ্যাপন করেছে। গতকাল সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ ও জেলা প্রশাসক মেজবাহউদ্দিন আহমেদ। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল ও চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলামও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গতকাল শিশু একাডেমী দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার মাধ্যমে কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। এরপর শিশু একাডেমী প্রাঙ্গণে শুরু হয় বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
চট্টগ্রাম সিটি করপোরেশন সকালে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। করপোরেশনের সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র মন্জুর আলম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জহর লাল হাজারী, সচিব রশিদ আহমদ।
ফেনী: সকালে শহরের মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ডি এ বিলকিস আরা চৌধুরী।
নোয়াখালী: সকালে নোয়াখালী প্রেসক্লাবের আঙিনায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তিনটি শাখায় বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুরে প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুদ্র মাসুদ। যুগ্ম সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাজী মুহাম্মদ রফিক উল্যাহ, জেলা জজ আদালতের জিপি মনজুরুল হক, মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহাজাহান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১৯৭২ সালের ২৩ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নোয়াখালী প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।