
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। এসব জায়গায় শোভাযাত্রায় শিশুদের হাতে ‘নতুন করে গড় দেশ/ বঙ্গবন্ধুর বাংলাদেশ’, দিনবদলের স্বপ্নাবেশ/ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: জেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সকালে অম্বিকা ময়দানের অস্থায়ী মঞ্চে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ, রচনা, দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পটুয়াখালী: সকালে সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে সব মসজিদে দোয়া ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা হয়।
এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য মো. শামসুদ্দীন।
চুয়াডাঙ্গা: জেলা প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তমঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
নড়াইল: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম থেকে সকাল আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। এরপর শিল্পকলা একাডেমী চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা হয়। বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সন্ধ্যায় আলোকসজ্জার আয়োজন করা হয়।
কুষ্টিয়া: জেলা আওয়ামী লীগ রাত ১২টা ১ মিনিটে ও সকালে জেলা প্রশাসক শহরের মজমপুরে বঙ্গবন্ধুর মুর্যাালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জাসদ, মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। এরপর একটি আনন্দ শোভাযাত্রা শহরের এনএস রোড হয়ে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।
ঝালকাঠি: জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল শিশু সমাবেশ, শোভাযাত্রা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) শহরতলির বিকনা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে চিকিৎসাশিবিরের আয়োজন করে। এতে ৩০০ গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।
সাতক্ষীরা: জেলা প্রশাসকের নেতৃত্বে সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর: সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর রক্তদান কর্মসূচিতে অনেকে অংশ নেন। দুপুরে জেলা শিশু একাডেমী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জেলা তথ্য কার্যালয় প্রেসক্লাবে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে সংবাদ বিফ্রিংয়ের আয়োজন করে।
ইসলামী বিশ্ববিদ্যালয়: সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আনন্দ মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন উপাচার্য আবদুল হাকিম সরকার এবং সহ-উপাচার্য শাহিনুর রহমান। দুপুরে টিএসসিসিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী): সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পরে বঙ্গবন্ধুর ভাষণ, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।