নতুন দেয়ালচিত্রে ধর্ষকের ফাঁসির দাবি

ধর্ষকের ফাঁসির দাবি নিয়ে ঢাকায় আঁকা হয়েছে নতুন দেয়ালচিত্র। আরেকটি চিত্র ইঙ্গিত করছে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ওপর।
ঢাকার দেয়ালগুলোতে আলোচিত ‘সুবোধ’ সিরিজের পর আনকোরা এই চিত্র দুটি উপস্থাপিত হয়েছে নতুন বার্তা নিয়ে, যা ‘গ্রাফিতি’ হিসেবে পরিচিত। সাধারণত কোনো রাজনৈতিক কিংবা সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার একটা শিল্পিত মাধ্যম হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে এর ব্যবহার দেখা যায়।
নতুন দেয়ালচিত্র দুটির একটি আঁকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের দেয়ালে। এতে দেখা যায়, দুই বেণিওয়ালা এক মেয়েশিশু একটা ফাঁসির দড়ি ধরে আছে। ওপরে লাল হরফে লেখা ‘হ্যাং দ্য রেপিস্ট’ বা ধর্ষকের ফাঁসি চাই। শাহবাগের আজিজ সুপার মার্কেটের দেয়ালে আঁকা অন্য চিত্রে উপস্থিত একমাত্র চরিত্রের ঠোঁটে আঙুল রাখা। পাশে লেখা, ‘আর কত?’ অর্থাৎ আর কত চুপ থাকবে?
চিত্র সমালোচক মোস্তফা জামানের মতে, সুবোধ সিরিজের দেয়ালচিত্রগুলোর সঙ্গে এই দুটি চিত্রের মৌলিক পার্থক্য হচ্ছে, এখানে ছবির চেয়ে ভাষার দিকে মনোযোগ বেশি। একে তিনি অভিহিত করেছেন সামাজিক স্লোগান হিসেবে।
মোস্তফা জামান বলেন, রোকেয়া হলের দেয়ালে আঁকা চিত্রটি দেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলা শিশু ধর্ষণের বিষয়টিকে ইঙ্গিত করে। অন্যটিতে দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিরোধী মত প্রকাশের ওপর প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরা হয়েছে।
সুবোধ সিরিজের দেয়ালচিত্রগুলোর মতো এই দুটি চিত্রও আঁকা হয়েছে স্টেনসিল (লেখা বা আঁকার জন্য ছিদ্রময় পাত) ব্যবহার করে। আরেকটি মিল হচ্ছে, সুবোধ সিরিজের মতোই এই চিত্র দুটির আঁকিয়ে কিংবা আঁকিয়েদের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।
বিভিন্ন দেশে প্রতিরোধ আন্দোলনগুলোতে গ্রাফিতি অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠার নজির আছে। নিকট অতীতে দিল্লির ধর্ষণবিরোধী আন্দোলন, যুক্তরাষ্ট্রে অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলন, ইসরায়েলবিরোধী আন্দোলন কিংবা সম্প্রতি যাদবপুরে শিক্ষার্থী নিগ্রহের প্রতিবাদে ‘হোক কলরব’ আন্দোলনেও ছিল গ্রাফিতির উপস্থিতি। সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত গ্রাফিতি আঁকিয়ে ব্যাংসি প্যারিসে এমন ১২টি দেয়ালচিত্র এঁকেছেন; যার মাধ্যমে ইউরোপের বিতর্কিত অভিবাসন ইস্যু, ফ্রান্সে হিজাবের ব্যবহার নিষিদ্ধ করা এবং পুঁজিবাদী সমাজব্যবস্থার সমালোচনা করা হয়েছে।
কিছুদিন আগে কাকলী পদচারী-সেতুর পূর্ব দিকে ‘মাস্টারপিস’ নামের একটি দেয়ালচিত্রে লাল-সবুজের পতাকা আঁকড়ে থাকা এক কিশোরীর অবয়ব দেখা যায়, যেটাকে আশাবাদের প্রতীক হিসেবে দেখেছিলেন চিত্র সমালোচকেরা। আবার গত বছরের মার্চ-এপ্রিল থেকে আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গার দেয়ালে আঁকা সুবোধ কখনো ছিল বাক্সবন্দী সূর্য হাতে পালাতে উদ্যত, কখনো জেলে বন্দী, কখনো হতাশায় নুয়ে পড়া এক মানুষ।
এদিকে ঢাকার দেয়ালে আঁকা ‘সুবোধ’ সিরিজের দেয়ালচিত্রগুলোর অনুপ্রেরণায় কলকাতার প্রেসিডেন্সি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের ক্যাম্পাসে চিত্রিত করেন একাধিক গ্রাফিতি। এই শিক্ষার্থীরা ঢাকার ‘সুবোধ’কে দেখেছেন তাঁদের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার প্রতীক হিসেবে। তবে ঢাকার গ্রাফিতি আঁকিয়েরা এখন পর্যন্ত অপ্রকাশ্য ও রহস্যময় হয়ে থাকলেও কলকাতায় যাঁরা সুবোধকে এঁকেছেন, তাঁরা সবাই প্রকাশ্য। আঁকার ঢঙেও রয়েছে পার্থক্য।
গত বছরের ২০ আগস্ট ঢাকায় সুবোধের দেয়ালচিত্রগুলো নিয়ে ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ তাদের সাপ্তাহিক সাময়িকী ‘সেভেন ডেইজ’-এ ‘হবেকি? (HOBEKI?)’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রচ্ছদ প্রতিবেদনে প্রতিবেদক উপলা সেন ঢাকায় সুবোধের দেয়ালচিত্র নিয়ে বিভিন্ন ব্যাখ্যা ও দর্শন হাজির করার পাশাপাশি এর অনুপ্রেরণায় কলকাতার গ্রাফিতি আঁকিয়ে ও তাঁদের নিজস্ব ভাবনা তুলে ধরেন।