নতুন ধরনের কর্মসূচি খুঁজছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আড়াই বছর ধরে আন্দোলন করছে প্রধান বিরোধী দল বিএনপি। এতে সাধারণ মানুষের সম্পৃক্ততা তো দূরের কথা, দলের নেতা-কর্মীদেরই ভালোভাবে মাঠে নামাতে পারেনি দলটি। এখন দলের বেশির ভাগ নেতাই আত্মগোপনে। অনেকেই কারাগারে।

এ অবস্থায় ‘নির্বাচন প্রতিহত’ করার আন্দোলনে নতুন ধরনের কর্মসূচি খুঁজছেন বিএনপির নীতিনির্ধারকেরা। সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এবং দলের নেতা-কর্মীদের সর্বাত্মকভাবে মাঠে নামানোর লক্ষ্যে ২৬ ডিসেম্বর থেকে নতুন ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

এদিকে ২৬ ডিসেম্বর থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালন করার জন্য সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যে সেনাসদস্যরা বিভিন্ন এলাকায় পৌঁছেও গেছেন। তাই নতুন ধরনের কর্মসূচি ঠিক করা এবং তা সফল করা নিয়ে সংশয়ের মধ্যেও আছেন বিএনপির নেতারা।

অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। তাঁদের আন্দোলন সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। সরকার সেনাবাহিনীকে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড় করিয়েছে। কিন্তু বিএনপি এমন কিছু করবে না, যা সেনাবাহিনীর বিপক্ষে যায়।

বিএনপির একজন সহদপ্তর সম্পাদক জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তাঁর প্রেস শাখা ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতারা সম্প্রতি আন্দোলন নিয়ে দলের একটা বিশ্লেষণ তুলে ধরেছেন। তাতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রমণাত্মক তৎপরতা ও সরকারি দলের ক্যাডারদের আক্রমণের কারণে মাঠের আন্দোলন জোরদার করা যায়নি।

ওই বিশ্লেষণে এ-ও বলা হয়, ঢাকা ও সারা দেশে হরতাল বা অবরোধের সমর্থনে যে মিছিলগুলো হয়, তাতে খুব অল্পসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। জ্যেষ্ঠ নেতারা বা জেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতারা মিছিলে থাকছেন না বলেই চলে। ঢাকায় আন্দোলনে বিএনপির অংশগ্রহণ খুবই কম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে, এটা ঠিক। তবে ওই কার্যালয়ে প্রবেশ করার কার্যকর কোনো চেষ্টাও করা হয়নি। গ্রেপ্তার আতঙ্কের কারণে নেতারা আত্মগোপনে থাকছেন। জেলা পর্যায়ের নেতাদের বেশির ভাগই ঢাকায় অবস্থান করছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ অক্টোবর সিলেটে এক জনসভায় দশম জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন। এ জন্য আন্দোলনে নামতে নির্দেশ দেন। কিন্তু ভোটের আর দুই সপ্তাহ বাকি। এখন পর্যন্ত তাঁর নির্দেশ অনুযায়ী নির্বাচন প্রতিহত করার জন্য ভোটকেন্দ্রভিত্তিক কমিটিও গঠন করতে পারেনি বিএনপি।

বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা একাধিক নেতা জানান, ২৫ ডিসেম্বরের পর থেকে অবরোধ না দিয়ে অসহযোগের মতো কর্মসূচি ও ভোট বর্জনের জন্য দেশের মানুষের কাছে যাওয়ার চিন্তা করা হচ্ছে। বিএনপির চেয়ারপারসন ২৪ ডিসেম্বর মঙ্গলবার একটি সংবাদ সম্মেলন করবেন। সেখান থেকে ভোট বর্জনের আহ্বান জানানো হতে পারে। পাশাপাশি সরকারকে সহযোগিতা না করার জন্য প্রশাসন, পুলিশ ও সর্বস্তরের মানুষের প্রতিও আহ্বান জানানো হবে।

অবশ্য খালেদা জিয়া প্রশাসনের কর্মকর্তাদের প্রতি এমন আহ্বান এর আগেও একাধিকবার জানিয়েছিলেন। কিন্তু দৃশ্যমান কোনো সাড়া মেলেনি। এ অবস্থায় শেষ মুহূর্তে এসে হরতাল-অবরোধ দিয়ে নির্বাচন প্রতিহত করা বা সাধারণ মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা কঠিন হবে বলে মনে করছে বিএনপি।

তার পরও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, আন্দোলন অব্যাহত রাখার কোনো বিকল্প আছে বলে বিএনপি মনে করে না। প্রয়োজন অনুযায়ী কর্মসূচির ধরনেও পরিবর্তন হতে পারে।

খালেদা জিয়াকে মাঠে নামাতে চায় বিএনপি:
নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২৬ নভেম্বর থেকে পাঁচ দফায় ২০ দিন অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। এতে মানুষের ভোগান্তি বাড়লেও সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে নামাতে পারেনি বিরোধী দল। তাই শেষ বিকল্প হিসেবে খালেদা জিয়াকে রাজপথে নামানোর কথা ভাবা হচ্ছে। খালেদা জিয়ার এ ব্যাপারে আপত্তি না থাকলেও তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রয়োজনে খালেদা জিয়া নয়াপল্টন কার্যালয়ে গিয়েও বসতে পারেন।

বিএনপির কেন্দ্রীয় একজন নেতা মনে করেন, শিগগিরই ঢাকায় নেতা-কর্মীদের মাঠে নামানো গেলে পরে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ১৮ দলের বাইরে থাকা কয়েকটি দলকেও নামানো যাবে। সে ক্ষেত্রে কর্মসূচিতে কিছু পরিবর্তন আনা হতে পারে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন দাবি করেন, তাঁদের আন্দোলন সফল হবেই। কেউ থাকুক বা না থাকুক, গণতন্ত্রের জন্য প্রয়োজন হলে খালেদা জিয়া নিজেই রাজপথে নেমে এসে আন্দোলন করবেন।