নতুন ধস ঠেকাতে বালু ফেলা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোনারগাঁও বীর উত্তম সি আর দত্ত সড়কে সুন্দরবন হোটেল-সংলগ্ন এনবিএল টুইন টাওয়ার নির্মাণস্থলের পাশে ভূমিধসের পর এ পর্যন্ত এক হাজার ট্রাক বালু ফেলা হয়েছে। গতকাল শনিবার রাত ১০টা পর্যন্ত নতুন করে ধস হয়নি বলে ফায়ার সার্ভিস ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা বলেছেন, ধস ঠেকাতে প্রায় তিন লাখ ঘনফুট বা দেড় হাজার ট্রাক বালু ফেলতে হবে।
গত বুধবার সকাল সাতটার কিছু পরে সুন্দরবন হোটেল-সংলগ্ন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) নির্মাণাধীন বহুতল ভবন টুইন টাওয়ারের পাইলিংয়ের জন্য খোঁড়া বিশাল গর্তের কারণে ভূমিধসের ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে দুই দফায় উত্তর-পূর্ব প্রান্তের সড়ক ও ফুটপাতে ধস নামে। গতকাল দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এ ভূমিধসের ঘটনার জন্য রাজউক ও নির্মাতাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করেছেন।
ফায়ার সার্ভিস ও রাজউকের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন ভবনের পশ্চিম দিক অর্থাৎ সামারাই কনভেনশন সেন্টার প্রান্তের গর্তে আড়াআড়িভাবে কিছু ইস্পাত ব্রেসিং (বেষ্টনী) দেওয়া ছিল। ধসের ঘটনায় সেগুলো সরে গেছে। সেখানে বালু বা মাটি দিতে হচ্ছে পূর্ব প্রান্তের দিক থেকে।