নতুন ধান পেলেও খুশি নন কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। কিন্তু স্থানীয় হাটবাজারে দাম অনেক কম থাকায় তাঁরা ভীষণ হতাশ। কারণ, এই ধান বিক্রি করে তাঁরা চাষের খরচই তুলতে পারছেন না। অনেক কৃষক ক্ষোভে-দুঃখে ধানের চাষ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র ও কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় মোট ৫৩ হাজার ৭২৩ একর জমিতে বোরো আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। দুই সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে। কিন্তু বাজারে ধানের দাম অনেক কম।
মরিচপুরান উল্লারপাড় গ্রামের কৃষক মাসুদ মিয়া বলেন, ‘দুই কুর (একর) জমিতে বোরো-২৮ চাষ করছিলাম। এতে কুরপ্রতি হালের জন্য তিন হাজার, সেচের জন্য পাঁচ হাজার, রোপণে চার হাজার, ধানের চারার জন্য চার হাজার, সার ও কীটনাশকের জন্য পাঁচ হাজার, নিড়ানি এক হাজার, ধান কাটতে শ্রমিকদের জন্য আট হাজার, মাড়াইয়ে এক হাজারসহ মোট ৩১ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি কুরে ধান পাইছি ৬০ মণ। বিক্রি করছি ৫৫০ টাকা মণ দরে। বাজারে বিক্রি করতে মণপ্রতি ঠেলা ভাড়া ৩০ টাকা দিতে হয়েছে। এতে কোনো লাভ হয় নাই। অহন শ্রমিকের টাকা ছাড়াও ঋণের টাকা শোধ করতে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হইছি।’
বাঘবেড় ইউনিয়নের জাঙ্গালিয়াকান্দা গ্রামের প্রান্তিক কৃষক মো. আমিরুল ইসলাম বলেন, ‘এক কুর বারো কাঠায় বোরো আবাদ করছি। কুরপ্রতি হাল ১ হাজার ৫০০, সেচ ছয় হাজার, ধানের চারা চার হাজার, লাগাতে (রোপণ করতে) শ্রমিক বাবদ ৩ হাজার ৫০০, সার ও কীটনাশক চার হাজার, ধান কাটতে ছয় হাজার ও মাড়াই করতে এক হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা খরচ হয়েছে। এক কুরে ধান পাইছি ৬০ মণ। বিক্রি করছি ৫২০ টাকা মণ ধরে। এতে কোনো লাভ হইছে না। অন্য কিছু জানি না। তাই বাধ্য হইয়া কৃষিকাজ করি।’
যোগানিয়া ইউনিয়নের কৃষক ফিরুজ মিয়া বলেন, ‘এইবার ১২ কুর জমিতে বোরো আবাদ করছি। এই পর্যন্ত কাটছি তিন কুর। কুরপ্রতি ধান অইছে ৬০ থেকে ৬৫ মণ। এক কুরে খরচ গেছে ৩০ হাজার টাকা। বর্তমান বাজারে ধানের যে দাম, এতে কৃষকরা নিরুপায় হইয়া ধান বিক্রি করতাছে। যদি মণপ্রতি ৬৫০ থাইকা ৭০০ টাকা অইত, তাইলে কৃষকরা লাভের মুখ দেখত। কৃষক পরিবারের সন্তান অইয়া ঠেকছি। চাষবাস ছাড়া উপায় নাই। নিয়ত করছি ভবিষ্যতে আর নিজে আবাদ করতাম না।’
পৌর শহরের ধান ব্যবসায়ী মো. আশরাফ আলী বলেন, ‘৪০০ থেকে ৫৫০ টাকায় নতুন ধান কেনাবেচা হচ্ছে। এতে কৃষকের উৎপাদন খরচই উঠছে না। কিন্তু আমাদের তো কিছু করার নেই।’
উপজেলা চালকল মালিক সমিতির সাবেক সভাপতি অসীম দত্ত বলেন, ধানের উৎপাদন ভালো। কিন্তু চাল আমদানি করায় এবং সরকারিভাবে ধান সংগ্রহের কাজ শুরু না হওয়ায় নতুন ধানের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ কম। তাই কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফ ইকবাল বলেন, ‘দুই সপ্তাহ ধরে ধান কাটা শুরু হয়েছে। ফলনও ভালো হয়েছে। বর্তমান বাজার দরের চেয়ে ধানের দাম কিছুটা বাড়লে কৃষকরা লাভবান হবেন। আশা করছি, সরকারিভাবে ধান সংগ্রহের কাজ শুরু হলে কৃষকেরা ধানের ন্যায্যমূল্য পাবেন।’