নতুন ধানের গন্ধ নিলেন রাষ্ট্রপতি
হাওরে নতুন ধান কাটা এখনো পুরোদমে শুরু হয়নি। বিস্তীর্ণ ফসলি মাঠে এখন পাকা ধানের সমারোহ। বাতাসে দুলছে ধানের শিষ। কাছ থেকে ফসলি মাঠ আর পাকা ধানের গন্ধ নিতে এবার হাওরে ছুটে এলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি চার দিনের সফরে কিশোরগঞ্জ আসেন। প্রথমে যান হাওর উপজেলা ইটনা। তাঁকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ২টা ৪৭ মিনিটে উপজেলার হেলিপ্যাডে অবতরণ করে। হেলিকপ্টার থেকে নেমেই রিকশায় চড়ে বের হন ফসলি মাঠ দেখতে। উপজেলার দক্ষিণ পাশে ধানখেত দেখে তিনি রিকশাথেকে নেমে পড়েন। কিছু সময় দাঁড়িয়ে হাওরের সৌন্দর্য উপভোগ করেন। ওই সময় তিনি স্থানীয় ঘনিষ্ঠজনদের কাছে জানতে চান ‘ফলন কেমন হইছে’। পরে আরও অনেকের কাছে ছিল তাঁর একই প্রশ্ন ছিল।
রাষ্ট্রপতির সঙ্গে থাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতি একসময় হাওরের এই ফসলি মাঠে দাপিয়ে বেড়িয়েছেন। পুরোনো স্মৃতি তিনি ভুলতে পারেননি। তাই বঙ্গভবনের জীবনযাপন ছেড়ে প্রায়ই ছুটে আসেন হাওরে। মন ভরে নতুন ধান দেখে তৃপ্ত হন।
একই সঙ্গে তিনি ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইটনা বেড়িবাঁধ পরিদর্শন করেন। দেখতে যান ৪৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ইটনা-অষ্টগ্রাম ভায়া মিঠামইন সড়ক। তখন তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মান ধরে রেখে দ্রুত প্রকল্পটি এগিয়ে নিতে তাগিদ দেন। এই প্রকল্পের কাজ শেষ হলে ইটনার সঙ্গে সারা দেশের সরাসরি যোগাযোগব্যবস্থা স্থাপন হবে।
বেড়িবাঁধ পরিদর্শন শেষে সুধী সমাবেশে যোগ দিতে রাষ্ট্রপতি আসেন উপজেলা পরিষদ মিলনায়তনে। এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘এলাকার উন্নয়নে যথাসাধ্য কাজ করে চলেছি। তবে বিশেষ কোনো কাজ বাকি থাকলে তাঁকে যেন জানানো হয়।’ এ সময় রাষ্ট্রপতির সঙ্গে কিশোরগঞ্জ-৫ আসনের সাংসদ তাঁর ছেলে রেজুয়ান আহমেদ, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জিল্লুর রহমান, পিপি শাহ আজিজুল হক, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। গ্রামের বাড়িতে তাঁর দুই দিন কাটানোর কথা। শনিবার বিকেলে তিনি আসবেন কিশোরগঞ্জ শহরে। রোববার বিকেলে ফিরে যাবেন ঢাকায়।