আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমরা নতুন ধারার রাজনীতি প্রবর্তনের চেষ্টা করছি। তবে এটা সহজ কাজ নয়। কারণ, আমাদের দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করা কঠিন। অতীত অভ্যাস পরিবর্তন না করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।’সৈয়দ আশরাফ গতকাল শনিবার রাজধানীতে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে বঙ্গবন্ধু হত্যা মামলার ঐতিহাসিক রায়, বাঙালির কলঙ্ক মোচন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, দিনবদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব কথা। তিনিই এ ধারণা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুক্ত করেন। সেই দিন বদলের জন্য দলকে বদলানো, দেশকে বদলানোসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় সরকারমন্ত্রী লন্ডনে প্রবাসীদের বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের নানা কর্মসূচি উল্লেখ করে বলেন, বাঙালি জাতির দীর্ঘদিনের ইতিহাস ধ্বংস করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করা হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। অচিরেই এই বিচার-প্রক্রিয়া অনেক দূর এগিয়ে যাবে। যুদ্ধাপরাধীদের বিচার করা আমাদের নৈতিক দায়িত্ব।’বিশেষ অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। দীর্ঘদিন পর সাধারণ আইনে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। এখন জেলহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে মৌলিক ও গুণগত পরিবর্তনের লক্ষ্যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। বর্তমান শিক্ষানীতি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে পরিগণিত হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করে প্রকাশনা উদ্বোধন করেন সৈয়দ আশরাফুল ইসলাম। বইটি সম্পাদনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নূহ-উল-আলম লেনিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী আনিসুল হক।‘আওয়ামী লীগ হারেনি’: প্রকাশনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন জাতীয় কোনো নির্বাচন নয়। এটা স্থানীয় নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ হারেনি।