নতুন নগর কমিটি দলকে শক্তিশালী করবে: ফখরুল
ঢাকা মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি দলকে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে বলে আশা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বর্ধিত সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, মির্জা আব্বাস এবং হাবিব-উন-নবী খান দুজনই ত্যাগী ও পরীক্ষিত নেতা। তাঁদের নেতৃত্বে মহানগর বিএনপি আরও শক্তিশালী হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব-উন-নবী খানকে সদস্যসচিব করে গতকাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, বিগত বছরগুলোতে গণতন্ত্রকে পর্যায়ক্রমে আঘাত করা হয়েছে। গণতন্ত্র নস্যাত্ করে ব্যক্তিগত ও দলীয় ক্ষমতা পাকাপোক্ত করতে সংবিধান সংশোধন করা হয়েছে। একসময় আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও তারাই আবার গণতন্ত্র ধ্বংস করেছে।
আওয়ামী লীগের আমলে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর সবচেয়ে বেশি হামলা হয়েছে, অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের বৈশিষ্ট্য হচ্ছে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ধোঁয়া তুলে কাজ হাসিল করা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গৌতম চক্রবর্তী।