নতুন নাম নতুন সাজ, একটেল এখন রবি
রবি। মহা ধুমধামের সঙ্গে নতুন নাম ঘোষণা করল মোবাইল ফোন অপারেটর একটেল। ‘আপনার শক্তি আপনার সাথে/ জ্বলে উঠুন আপন শক্তিতে’ স্লোগানে মুখরিত হয়ে উঠল পুরো উদ্যান।গতকাল রোববার সূর্যোদয়ের সঙ্গে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ নতুন প্রতীক ও ব্র্যান্ডিংয়ের ঘোষণা দিয়েছে আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেড। দেশজুড়ে প্রতীক ও নাম পরিবর্তনের উৎসব পালন করছে প্রতিষ্ঠানটি। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানেই অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।ভোরে ‘বাংলা মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কোয়েনার বলেন, আজ নতুন সূর্যের আবির্ভাবের সঙ্গে সঙ্গে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাইকেল কোয়েনার বলেন, ‘বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে নিবিড় আত্মিক সম্পর্ক গড়ে তুলতে নাম পরিবর্তন করা হয়েছে। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য দেশের আর্থসামাজিক কার্যক্রমে সব সময় একটি ইতিবাচক ভূমিকা রাখে। তাই আজ থেকে আমাদের নাম রবি।’প্রধান বিপণন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু জানান, সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে মেরী স্টোপসের সঙ্গে ‘রবি শিশু’ এবং রহিমআফরোজের সঙ্গে ‘রবি পল্লী’ নামে দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রবি শিশুর মাধ্যমে ২৮ মার্চ রোববার মেরী স্টোপসে যত শিশু জন্ম নেবে, রবি তাদের আজীবন খরচ বহন করবে। আর রবি পল্লীর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে দেশের ৫০টি গ্রামে সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেবে রবি। এ ছাড়া ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সাহায্যে দেশের এক হাজার স্কুলে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করবে রবি।করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান সেগুপ্তা ইয়াসমিন সামাদ বলেন, গ্রাহকদের নতুন লাভজনক পণ্য ও সেবা দেওয়া হবে। মিনিটপ্রতি কলচার্জ হবে ৪৮ পয়সা থেকে এক টাকা ৪৮ পয়সা। বাজার পরিচালনা ও যোগাযোগ বিভাগের প্রধান মহিউদ্দিন বলেন, রবির সব কার্যক্রমে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হবে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকসংখ্যা এক কোটি ৩৫ লাখ। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রহিমআফরোজ গ্রুপের পরিচালক মনোয়ার মিসবাহ মঈন, রুরাল সার্ভিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুহুল কুদ্দুস, মেরী স্টোপসের সেবা পরিচালক রীনা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।রাজশাহী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে রবির যাত্রা শুরু হয়েছে। সকালে নগর ভবনের গ্রিন প্লাজায় কেক কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।সিলেট প্রতিনিধি জানান, সিলেটেও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শ্রীহট্ট সংস্কৃত কলেজে গিয়ে শেষ হয়।