নতুন নিয়োগবিধি তৈরির উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতির জন্য নতুন করে নিয়োগবিধি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। করপোরেশনের ১৯৮৮ সালের জনবল কাঠামো অনুযায়ী এ বিধি তৈরি করা হবে বলে জানা গেছে।
নতুন নিয়োগবিধি তৈরির বিষয়ে গতকাল সোমবার করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক হয়। এতে করপোরেশনের বিভাগীয় প্রধান ও জ্যেষ্ঠ প্রকৌশলীরা তাঁদের মতামত দিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের নতুন মেয়র আ জ ম নাছিরের নির্দেশনায় এই বিধি তৈরি করা হচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত শনিবার করপোরেশনের বিরুদ্ধে মামলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বৈঠকে নতুন মেয়র আ জ ম নাছির বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগবিধির ভিত্তিতে নিয়োগ-পদোন্নতি সব হবে।
নিয়োগবিধি তৈরির কার্যক্রম শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। তিনি প্রথম আলোকে বলেন, নতুন নিয়োগবিধি তৈরির জন্য করপোরেশনের কর্মকর্তাদের মতামত নেওয়া হচ্ছে। নিয়োগবিধি তৈরি করতে সপ্তাহ খানেক সময় লাগবে। প্রস্তাবিত নিয়োগবিধি অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।
গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমেদ, প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী, আনোয়ার হোছাইন ও রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ, মুনিরুল হুদা ও কামরুল ইসলাম, উপসচিব সাইফুদ্দিন কাতেবী।
এ বিষয়ে সিটি করপোরেশনের সচিব রশিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ১৯৮৮ সালের জনবল কাঠামো অনুযায়ী গত বছর করপোরেশনের কিছু শূন্য পদে লোক নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই সময় মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নেওয়ার জন্য আবেদন করা হয়। তখন মন্ত্রণালয় থেকে এই জনবল কাঠামো অনুযায়ী নিয়োগবিধি তৈরি করার নির্দেশনা দেয়।
বৈঠকে অংশ নেওয়া সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে, সে বিষয়ে আমাদের মতামত দিয়েছি।’