নতুন নির্বাচন নিয়ে সমঝোতার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসনের জন্য একটি নতুন নির্বাচন প্রয়োজন এবং সেই নির্বাচন কোন ব্যবস্থায় হবে, সে জন্য দেশটির প্রধান দুটি দলের মধ্যে সমঝোতা আবশ্যক। ব্রিটিশ পার্লামেন্টের মানবাধিকার-বিষয়ক সর্বদলীয় কমিটির আয়োজনে গতকাল সোমবার লন্ডনে অনুষ্ঠিত এক সভায় ব্রিটিশ পার্লামেন্টারিয়ানরা এই অভিমত প্রকাশ করেছেন।
তবে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিরা তাঁদের পরস্পরবিরোধী অবস্থানে অনড় থেকে একে অপরকে দোষারোপ করে গেছেন।
গণতন্ত্রের ভবিষ্যৎ, মানবাধিকার ও আইনের শাসন বিষয়ে এই সেমিনারে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতির অবনতিতে মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকার এসবের দায় এড়াতে পারে না। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে যখন বিরোধী দলে থাকে, সেই তখন মানবাধিকারের বড় সমর্থক হয়। কিন্তু সরকার পরিচালনার সময় তারা তা ভুলে থাকে।
৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের পর বাংলাদেশের দুই প্রধান দলের প্রতিনিধিদের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক আলোচনায় বিএনপির পক্ষ থেকে বলা হয়, নতুন একটি নির্বাচন না হলে দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ হবে ভয়াবহ। তাঁরা দাবি করেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে এবং অর্থনীতিতে স্থবিরতা তৈরি হয়েছে। অন্যদিকে জামায়াতের যোগসাজশে দেশটিতে মৌলবাদের উত্থান ও সহিংস পন্থায় সরকার উৎখাতের চেষ্টা চালানোর জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের তরফে দাবি করা হয়, দেশে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং উন্নয়নের ধারায় তা অগ্রসর হচ্ছে। নতুন কোনো নির্বাচনের বিষয়কে আওয়ামী লীগের সবাই এড়িয়ে যান।
সেমিনারের সূচনায় ব্রিটিশ পার্লামেন্টের মানবাধিকার-বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান লর্ড অ্যাভবেরি বলেন, বিরোধী দলের বর্জন ও সহিংসতাপীড়িত নির্বাচনে সংসদের অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এবং ভোটারদের কম উপস্থিতি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু অতীতের দোষারোপের বৃত্ত থেকে বেরিয়ে এসে ভবিষ্যৎ নিয়ে একটি সমঝোতা প্রয়োজন। নির্বাচনকালীন প্রশাসন কী হবে, তা কে পরিচালনা করবে—এসব বিষয়ে সমঝোতা ছাড়া নতুন নির্বাচনের আলোচনায় কোনো সমাধান নেই।
আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম অভিযোগ করেন, জামায়াত এবং এর সহযোগী উগ্রপন্থী হেফাজত ও সশস্ত্র সংগঠন ছাত্রশিবিরের সহায়তায় সরকারকে উৎখাত করতে চেয়েছিল বলে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। বিএনপি সন্ত্রাস ও সহিংসতার আশ্রয় না নিলে অনেকেই নির্বাচনে অংশ নিত এবং তাতে সংসদের অর্ধেক আসন প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে পূরণ হতো না। তবে এখন স্থিতিশীলতা ফিরে এসেছে, সমৃদ্ধির সূচকে বাংলাদেশের অবস্থান উন্নত হয়েছে এবং উন্নয়নের ধারায় দেশ পরিচালিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, একমাত্র আওয়ামী লীগই বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। বিএনপি যখন সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে অংশ নিতে পারছে, তখন এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তাদের অস্বীকৃতি অযৌক্তিক এবং উদ্দেশ্যপ্রণোদিত।
অধ্যাপক পিয়াস করিম বলেন, প্রধানমন্ত্রী যখন ঘোষণা করেন, দেশ পরিচালিত হবে মদিনা সনদ অনুযায়ী, তখন আওয়ামী লীগের দাবি যে কতটা বিভ্রান্তিকর, তা নিশ্চয়ই কারও বুঝতে কষ্ট হওয়ার কথা নয়।
বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এখন একটি ক্রান্তিলগ্নে উপনীত হয়েছে, যেখানে গণতন্ত্রের ভিত্তিমূল হুমকির মুখে। পুলিশ ও প্রশাসনের দলীয়করণের কারণে আওয়ামী লীগ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই বিএনপি তাতে অংশ নেয়নি। বিরোধী দল-সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য সরকার গ্রেপ্তার ও নিপীড়নমূলক ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপহরণ, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তার নজির। তিনি বিএনপিপ্রধান খালেদা জিয়াকে তাঁর বাড়িতে অবরুদ্ধ করে রাখা এবং গোয়েন্দা সংস্থা ব্যবহার করে এরশাদকে বাড়ি থেকে তুলে নিয়ে সামরিক হাসপাতালে আটকে রেখে ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনে যেতে বাধ্য করার ঘটনা উল্লেখ করেন।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক পরিচালক ব্রাড অ্যাডামস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আব্বাস ফয়েজ বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অপহরণ ও গুমের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়েছে। ব্রাড অ্যাডামস বলেন, গুম বাংলাদেশে একটি নতুন উপসর্গ। র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, এদের জবাবদিহি না থাকার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে এবং এ ক্ষেত্রে সরকার তার দায় এড়াতে পারে না।
আব্বাস ফয়েজ বলেন, প্রকৃত অপরাধীদের না ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার ঘটনা উভয় দলের ক্ষেত্রেই দেখা গেছে, যা বিশেষভাবে উদ্বেগের কারণ।
ক্যাম্পেইন ফর রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশের মিহির সরকার নির্বাচনকালীন সহিংসতার সময় সংখ্যালঘুদের ওপর হামলার জন্য প্রধানত বিএনপি ও জামায়াত-সমর্থকদের দায়ী করলেও তিনি বলেন, জমি দখলের উদ্দেশে সব দলই হিন্দু সম্প্রদায়কে তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করে থাকে।
বিএনপির পক্ষ থেকে আসাদুজ্জামান সিদ্দিকী বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার করা হবে।