নির্বাচনের প্রক্রিয়া ঠিক করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কোন ধরনের নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন হবে, সে বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে উৎসাহিত করে ইউরোপীয় পার্লামেন্ট। প্রতিনিধিত্বমূলক না হওয়ায় ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে এখনো উদ্বেগ থাকলেও ইউরোপীয় পার্লামেন্ট নতুন নির্বাচনের কথা বলছে না।
ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়া সম্পর্কবিষয়ক কমিটির চেয়ার-পারসন জিন ল্যাম্বার্ট গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে তিনি রাজনীতি ছাড়াও বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেন।
রাজধানীতে গত সোমবার শেষ হওয়া ‘ঢাকা অ্যাপারেল সামিট’-এ অংশ নিতে তিনি গত শনিবার বাংলাদেশে আসেন।
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জিন ল্যাম্বার্ট বলেন, ‘পুরোপুরি প্রতিনিধিত্বমূলক না হওয়ায় এ নির্বাচন নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে। আমরা মনে করি নির্বাচনের পর একটি দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর অন্যদের জন্য রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ করে দেবে।
ইউরোপীয় পার্লামেন্টের জ্যেষ্ঠ এ সদস্য জানান, এবারের সফরের সময় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাধারণ সম্পাদক পর্যায়ের নেতাদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে যাতে সব জনগণের মতামতের প্রতিফলন ঘটানো যায় সেটি নিশ্চিত করতে কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে সেটি নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সমাধানে পৌঁছানো উচিত। জিন ল্যাম্বার্টের মতে, এটি একটি রাজনৈতিক বিষয়। আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এটি ঠিক করা উচিত। অন্যরা এ নিয়ে পরামর্শ ও সমর্থন দিতে পারে। তবে আগামী নির্বাচনে বাংলাদেশের সব জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর মতো পরিবেশ সৃষ্টি করা উচিত।
নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধান রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির দূরত্ব রয়েছে। প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার পর মতপার্থক্য দূর হওয়ার ব্যাপারে তিনি কতটা আশাবাদী জানতে চাইলে জিন ল্যাম্বার্ট বলেন, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এ ক্ষেত্রে কবে অগ্রগতি হবে সেটা বলাটা মুশকিল। তার মানে এটা নয় যে, হাল ছেড়ে দিতে হবে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কীভাবে ইউরোপীয় পার্লামেন্ট মূল্যায়ন করে জানতে চাইলে তিনি গত সেপ্টেম্বরে পাস হওয়া প্রস্তাবনার উল্লেখ করেন। জিন ল্যাম্বার্ট বলেন, গুম ও বিচারবহির্ভূত হত্যা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। এ ধরনের প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত।
মন্ত্রিসভায় অনুমোদিত বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবী কার্যক্রম রেগুলেশন আইন-২০১৪) নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন ইউরোপীয় পার্লামেন্টের জ্যেষ্ঠ এ সদস্য। তিনি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করতে অবাধ গণমাধ্যমের পাশাপাশি নাগরিক সমাজ ও ভিন্নমতের চর্চার ওপর গুরুত্ব দেন।
গত জানুয়ারিতে বিএনপিকে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা বলেছিল ইউরোপীয় পার্লামেন্ট। এ ব্যাপারে সর্বশেষ অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’
তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রমিকের স্বার্থ সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আরও কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন জিন ল্যাম্বার্ট।