স্থিতিশীলতা চায় চীন, সংকট উত্তরণের আশাবাদ কোরিয়ার
নতুন নির্বাচনের লক্ষ্যে সংলাপের আহ্বান ইইউর
বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সব দলকে সহিংসতা পরিহার করে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নতুন নির্বাচনের জন্য প্রকৃত সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে। আর নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংলাপ ও সমঝোতার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে চীন। অন্যদিকে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়ায় চলমান পরিস্থিতি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে বলে আশাবাদী দক্ষিণ কোরিয়া।
লন্ডন থেকে বিশেষ প্রতিনিধি কামাল আহমেদ জানান, ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন গত বুধবার ব্রাসেলসে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, বাংলাদেশে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদীয় নির্বাচনে ভোটার উপস্থিতির হার কম হওয়ার সংবাদ তাঁরা বিবেচনায় নিয়েছেন।
নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় যেসব সহিংসতা ঘটেছে, বিশেষ করে নারী-শিশু, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মিস অ্যাশটন। তিনি প্রাণহানির ঘটনাগুলোয় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। মিস অ্যাশটন তাঁর বিবৃতিতে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে ইইউ অব্যাহতভাবে বাংলাদেশকে সাহায্য দিয়ে এসেছে। তিনি বলেন, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের উপযোগী পরিবেশ তৈরির জন্য ইইউ সব দলের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। কিন্তু, তেমন পরিস্থিতি তৈরি না হওয়ায় বাংলাদেশের জনগণ গণতান্ত্রিকভাবে প্রতিনিধি পছন্দ করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন অ্যাশটন।
অ্যাশটন বাংলাদেশের জনগণের স্বার্থকে সবার আগে স্থান দেওয়ার আহ্বান জানিয়ে গণতান্ত্রিক জবাবদিহির ব্যবস্থাকে শক্তিশালী করার পথে অগ্রসর হওয়ার জন্য নতুন নির্বাচনের লক্ষ্যে প্রকৃত সংলাপে নিয়োজিত হওয়ার জন্য সব দলের প্রতি আহ্বান জানান।
গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা লক্ষ করেছি, ৫ জানুয়ারি বাংলাদেশের সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেশটির জাতীয় পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’ চীন আশা করে, বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘ মেয়াদে জাতীয় ও মৌলিক স্বার্থকে প্রাধান্য দেবে। তা ছাড়া রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশটি সংলাপের উদ্যোগ নেবে। ব্রিফিংয়ে বলা হয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের জন্য বিরোধী দলের দাবিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাখ্যান করলে বিরোধী দল নির্বাচন বর্জন করে। এতে গত রোববার বাংলাদেশে ভোট গ্রহণ হলেও সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন-ইয়াং গতকাল এক বিবৃতিতে বলেন, ‘৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যে সহিংসতা চলছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে আমরা আশা করি, বাংলাদেশে অবিলম্বে এই পরিস্থিতির উত্তরণ ঘটবে এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। আর এটা এমন এক গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে, যেখানে জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটবে।’