নতুন নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৭ মে বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের অবসরে যাওয়ার কথা। এই প্রেক্ষাপটে আপিল বিভাগের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ না করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি আয়োজিত সভায় গতকাল বুধবার বলা হয়েছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হলে সাধারণ আইনজীবীরা তা মেনে নেবেন না। গতকাল বুধবার দুপুরে সমিতি ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভবিষ্যতে প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া, যোগ্যতার ভিত্তিতে হাইকোর্টে বিচারক নিয়োগ এবং এ জন্য নীতিমালা প্রণয়ন করাসহ চারটি বিষয়ে সমিতির শামসুল হক চৌধুরী হলে সমিতির ব্যানারে গতকাল সাধারণ সভার আয়োজন করা হয়।সভায় নেওয়া সিদ্ধান্তে রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়ে বলা হয়, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে যেন প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া না হয়। এ সময় হাইকোর্ট বিভাগে দলমতের ঊর্ধ্বে যোগ্যতার ভিত্তিতে বিচারক নিয়োগ দিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব মাহবুবউদ্দিন খোকন প্রমুখ। সভায় নেওয়া সিদ্ধান্ত পড়ে শোনান সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা।খন্দকার মাহবুব হোসেন আশঙ্কা প্রকাশ করে সভায় বলেন, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার বিধান থাকায় সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট অঙ্গনে ইতিপূর্বে ভাঙচুর ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে। আমরা সেই ধ্বংসাত্মক কর্মসূচিতে যাব না। তবে আইনজীবীদের ধৈর্যের সীমা ভেঙে দিলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’রফিকুল ইসলাম মিয়া প্রশ্ন রেখে বলেন, ‘কোন সংবিধানের অধীনে এখন দেশ চলছে? বিচারকেরা কোন সংবিধানের অধীনে বিচারকাজ পরিচালনা করছেন, তা জানতে চাচ্ছি।’ এটা জানার অধিকার সমিতির রয়েছে বলে মনে করেন তিনি।সাত মাস পর এজলাসে: প্রায় সাত মাস পর এজলাসে বসে গতকাল বিচারকাজ পরিচালনা করেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান। এ নিয়ে আপিল বিভাগে গতকাল দুটি বেঞ্চ বসেন। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চ গঠন করা হয়।বর্তমান প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বর্তমানে বিচারপতির সংখ্যা আটজন। গত বছরের ২৬ সেপ্টেম্বর বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। তাঁর শপথের পর থেকে জ্যেষ্ঠ বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে এজলাসে বসে বিচারকাজ পরিচালনা করতে দেখা যায়নি। গতকাল তিনি এজলাসে বসেন। বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের চলতি বছরের ১৪ নভেম্বর অবসরে যাওয়ার কথা। পরবর্তী জ্যেষ্ঠ দুই বিচারপতি হলেন বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা।