নতুন নেতৃত্ব চাইলেন কুমিল্লা দক্ষিণ আ.লীগের নেতারা
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন নেই প্রায় ১৫ বছর। আহ্বায়ক কমিটির মেয়াদ পার হয়েছে চার বছর। দলীয় সদস্য সংগ্রহ কার্যক্রমও স্তিমিত। এ অবস্থায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আওয়ামী লীগে অন্তর্ভুক্ত হতে পারছেন না। তাই দলকে গতিশীল রাখতে হলে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। এ জন্য সম্মেলন চাই, নতুন নেতৃত্ব চাই।গত শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিশেষ কর্মিসভায় বক্তারা এসব কথা বলেন।জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাংসদ আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মহীউদ্দিন খান আলমগীর। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংসদ আবদুল মতিন খসরু, হুইপ মো. মুজিবুল হক, সাংসদ আ ক ম বাহাউদ্দিন, সাংসদ জোবেদা খাতুন প্রমুখ।সাংসদ বাহাউদ্দিন বলেন, ‘আমি আর দলের সাবেক পদবিধারী নেতা থাকতে চাই না। সম্মেলন চাই। বর্তমান নেতা থাকতে চাই। ৪০ বছর আওয়ামী লীগ করে বর্তমান পদবি নিয়ে মরতে চাই।’