নতুন নোটও জাল হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন এক হাজার টাকার নোটও জাল হচ্ছে। বাজারে আসতে না আসতেই এই নোট জাল করছে একটি সংঘবদ্ধ চক্র। রাজধানীর বিভিন্ন স্থান থেকে জাল নোটসহ ছয়জনকে গ্রেপ্তারের পর এই তথ্য পেয়েছে পুলিশ।গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, গত শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যে গোয়েন্দা পুলিশের তিনটি দল রাজধানীর কদমতলী জোড়াখাম্বা জনতাবাগ, কাকরাইল ও শাহজাহানপুর এলাকায় অভিযান চালায়। পুলিশ সেখান থেকে ১৪৭টি নতুন এক হাজার টাকার জাল নোট ও ১৫ হাজার টাকার ৩০টি ভারতীয় জাল রুপি উদ্ধার করে। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ছাবের আলী (৩২), আব্বাস (২৬), দুলাল (৩৩), বাদল রহমান (৩০), সজীব (২৪) ও স্বপন (৩৫)। মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা জাল টাকা সরবরাহকারী ও মুদ্রা পাচারকারী। তাঁরা দোকানে গিয়ে জাল টাকা দিয়ে খুচরা জিনিসপত্র কেনেন। এর বিপরীতে দোকানদারের কাছ থেকে আসল টাকা হাতিয়ে নেন। ভারতগামী ব্যক্তিদেরও তাঁরা জাল রুপির নোট সরবরাহ করেন। জাল টাকা প্রস্তুতকারী চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গ্রেপ্তার হওয়া আব্বাস সাংবাদিকদের বলেন, জাল টাকা প্রস্তুতকারীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাঁরা জাল টাকা জোগাড় করেন। কমিশনের মাধ্যমে এই টাকা কেনাবেচা করা হয়। তবে প্রস্তুতকারীদের নাম তাঁরা জানেন না বলে দাবি করেন।