নতুন নৌপথে জাহাজ চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সদরঘাট থেকে সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া পর্যন্ত নতুন নৌপথে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচলের উদ্বোধন করেন।
সদরঘাটে আয়োজিত অনুষ্ঠানে শাজাহান খান জানান, আগামী বর্ষার পরপরই সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নতুন জেটি নির্মাণ করা হবে। বাড়ানো হবে এই নৌপথে যাত্রীবাহী জাহাজের সংখ্যাও।
উদ্বোধনের পর ‘এমভি বার আউলিয়া’ জাহাজটি ৫০ জন যাত্রী নিয়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের উদ্দেশে রওনা হয়।
কাল সোমবার সন্দ্বীপ থেকে যাত্রী নিয়ে জাহাজটি চট্টগ্রামের সদরঘাটে ফেরার কথা রয়েছে। প্রাথমিকভাবে শনি, সোম, বুধ, বৃহস্পতি—চার দিন এই নৌপথে যাত্রীবাহী জাহাজ চলবে।
অনুষ্ঠানে নৌমন্ত্রী অভিযোগ করেন, লন্ডনে বসে আইএসআইয়ের (পাকিস্তানি গোয়েন্দা সংস্থা) সঙ্গে ষড়যন্ত্র করে আবারও বাংলাদেশ-পাকিস্তান কনফেডারেশন করার পরিকল্পনা করছেন তারেক জিয়া। পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে, বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলে, হল দখল করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন খালেদা জিয়া দেখছেন, তা বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে বক্তব্য দেন সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান, অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।