নতুন নয়, পুরোনো রাস্তা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে নতুন রাস্তাঘাট নির্মাণের পরিবর্তে পুরোনোগুলোর উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, যেহেতু জায়গা কম, তাই নতুন রাস্তা দাবি না করে বরং যে রাস্তাগুলো রয়েছে, তার উন্নয়ন করতে হবে। লেন বাড়াতে হবে এবং ভেঙে পড়া রাস্তা সংস্কার করতে হবে।জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার বেসরকারি সংস্থা আরডিআরএস আয়োজিত ‘শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও সামাজিক খাতকে অগ্রাধিকার দিয়ে রংপুর বিভাগের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ চাই’ শীর্ষক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে আলোচনায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীসহ উত্তরাঞ্চলের ১৩ জন সাংসদ উপস্থিত ছিলেন।আলোচনায় সাংসদেরা উত্তরাঞ্চলের বেহাল যোগাযোগব্যবস্থা, কয়লাখনি, কৃষিজাত পণ্য মজুদ, পানি-বিদ্যুৎ-গ্যাস সরবরাহ, চিনিকল, তামাক চাষসহ নানা অসুবিধা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁরা রংপুরকে শিগগির সিটি করপোরেশন ঘোষণারও দাবি জানান।রংপুর বিভাগের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বিশেষ বরাদ্দ ভালো নয়। তবে সরকার ইতিবাচক পদক্ষেপ নিতে পারে। অর্থমন্ত্রী বলেন, কয়লা নিয়ে আশা ছাড়ার দরকার নেই। কয়লার প্ল্যান্ট স্থাপনের ব্যবস্থা করা হবে। তবে যে পদ্ধতিতেই হোক না কেন, কয়লা তোলা দরকার।