নতুন নয়, দেওয়া হলো পুরোনো অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেনারেল হাসপাতালে নতুনের বদলে পুরোনো একটি অ্যাম্বুলেন্স দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে ২৫০ শয্যার এ হাসপাতালের অ্যাম্বুলেন্সটি অধিকাংশ সময় নষ্ট হয়ে পড়ে থাকে বলে জানা গেছে।
হাসপাতালের প্রধান সহকারী হাবিবুর রহমান জানান, গত ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর মেহেরপুরসহ চট্টগ্রামের রাউজান, সুনামগঞ্জ ও পাবনা হাসপাতালকে নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হবে বলে জানায়। গত ১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবহন পুল থেকে অ্যাম্বুলেন্স নেওয়ার জন্য বলা হয়। ১৩ অক্টোবর মেহেরপুর জেনারেল হাসপাতালকে ২০০২ সালে কেনা একটি ব্যবহৃত পাজেরো অ্যাম্বুলেন্স দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় মেহেরপুরসহ সাতটি হাসপাতালকে দেওয়ার জন্য নতুন সাতটি মার্সিডিজ বেঞ্চ অ্যাম্বুলেন্স কিনে। প্রধানমন্ত্রীর দপ্তর সেগুলো রেখে ব্যবহৃত পুরোনো পাজেরো অ্যাম্বুলেন্স দিয়েছে। ২৯ অক্টোবর ইঞ্জিনে ত্রুটির কারণে গাড়িটি প্রায়ই নষ্ট হয়ে পড়ে থাকে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অলোক কুমার জানান, ১২ বছরের পুরোনো এই অ্যাম্বুলেন্সটি আগে এক লাখ ৮৬ হাজার ৬৩০ কিলোমিটার চলেছে। গাড়িটি পাওয়ার পর দুবার টায়ার পরিবর্তন ও ইঞ্জিনের ত্রুটি মেরামত করা হয়েছে। বারবার মেরামত করা তাঁদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।