নতুন পদ সৃষ্টির দাবির পরই দুই শিক্ষককে বদলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান সরকারি মহিলা কলেজে স্নাতক শ্রেণী চালুর জন্য ৫২টি নতুন পদ সৃষ্টির চাহিদাপত্র পাঠানোর পরপর দুজন শিক্ষককে অন্যত্র বদলি করা হয়েছে।
উচ্চমাধ্যমিক শ্রেণীর কলেজের তিনটি বিভাগে পদায়িত মাত্র ১৩ জন শিক্ষকের মধ্যে কোনো স্থলাভিষিক্ত ছাড়া ওই দুই শিক্ষক বদলি করায় পাঠদানের শৃঙ্খলা রক্ষা কঠিন হয়েছে বলে গতকাল শনিবার অধ্যক্ষ জানিয়েছেন।
কলেজের ছাত্রীরা বলেছে, বান্দরবানে নারী শিক্ষার একমাত্র কলেজটিতে স্নাতক শ্রেণী চালু না হওয়ায় উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ছাত্রীদের জন্য আবাসিক সুবিধা থাকায় কলেজটি অবলিম্বে স্নাতক শ্রেণী চালু করার জন্যও তারা দাবি জানিয়েছে।
ছাত্রী ও শিক্ষকেরা বলেছেন, ২০০৯ সালে প্রভাষক পদে ১৩ জনকে পদায়ন করে চালু হওয়া কলেজটিতে ছাত্রী, ছাত্রীনিবাস ও বিষয়সংখ্যা বেড়েছে অনেক। বর্তমানে প্রায় ৬০০ ছাত্রীর পাঠদানে শৃঙ্খলা রক্ষা করা মাত্র ১১ জন শিক্ষক-শিক্ষিকার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এ জন্য কলেজে ৫২টি নতুন পদ সৃষ্টিসহ মোট ৭৭টি পদে শিক্ষক-কর্মচারী পদায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমা বেগম ও কণা দাশ বলেছে, কলেজে এক বিষয়ে শুধু একজন শিক্ষক হওয়ায় প্রায় ক্ষেত্রে তাদের বিষয়ভিত্তিক শিক্ষকের পাঠ গ্রহণ করা সম্ভব হয় না। অনেক সময় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক হিসাববিজ্ঞান অথবা কম্পিউটার শিক্ষার শিক্ষক গণিতে পাঠদান করে থাকেন। আবার বাধ্যতামূলক সাধারণ বিষয়গুলোর (যেমন: বাংলা, ইংরেজি) পাঠদানে শতাধিক ছাত্রীর উপস্থিতিতে জনাকীর্ণ শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ করাও সম্ভব হয় না।
মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্রী মাম্যা মারমা, কাঞ্চন তঞ্চঙ্গ্যা বলেছে, ছাত্রীর সংখ্যা বেশি হওয়ায় প্রতিটি বিষয়ে অন্তত দুজন শিক্ষক প্রয়োজন। কিন্তু তা না করে কোনো স্থলাভিষিক্ত ছাড়া সম্প্রতি যুক্তিবিদ্যা ও ব্যবস্থাপনা বিভাগের দুজন শিক্ষক অন্যত্র বদলি করা হয়েছে।
অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া বলেছেন, কলেজটি ডিগ্রি কলেজে উন্নীত করার জোরালো দাবির মুখে তা না করে উপায় থাকবে না। এ জন্য বিষয়টি মহাপরিচালককে জানিয়ে শিক্ষক-কর্মচারীর নতুন পদ সৃষ্টির চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে সেখান থেকে নতুন পদ সৃষ্টির ব্যাপারে এখনো কোনো সাড়া পাওয়া না গেলেও দুজন শিক্ষককে বদলি করে নেওয়া হয়েছে।