নতুন পদ্ধতি নিয়ে প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয়ভাবে ও প্রতীকে মেয়র এবং নির্দলীয়ভাবে কাউন্সিলর নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নোয়াখালীর চারটি পৌরসভার বর্তমান মেয়র ও কাউন্সিলররা। জেলার বসুরহাট, হাতিয়া, চাটখিল ও চৌমুহনী পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন হবে।
চাটখিল পৌরসভার বিএনপি-সমর্থিত বর্তমান মেয়র মোস্তফা কামাল বলেন, পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার সিদ্ধান্তে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, এখন থেকে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বিপক্ষের প্রার্থীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন। তবে আগামী নির্বাচনে লড়ার প্রস্তুতি রয়েছে তাঁর। এখন দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি।
দলীয় প্রতীকে মেয়র এবং কাউন্সিলর পদে নির্দলীয় নির্বাচনের সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বর্তমান মেয়র আবদুল কাদের মির্জা।
বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুক বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে আগে এক দলের প্রার্থীকে অন্য দলের সমর্থকেরা ভোট দিতেন, আবার উল্টোও হতো। কিন্তু এবার নির্বাচনের পদ্ধতির পরিবর্তন হওয়ায় অন্য দলের সমর্থকদের ভোট পাওয়া যাবে না কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার কাউন্সিলর খোকন ঘোষের ভাষ্য, কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে নির্বাচন করার বিষয়টি ভালো সিদ্ধান্ত।