
২০১৭ সাল থেকে এসএসসি পরীক্ষার নতুন পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রাম নগরের তিনটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার দুপুরে শতাধিক শিক্ষার্থীর ওই মিছিল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক ঘুরে কাজীর দেউড়িতে গিয়ে শেষ হয়।
মিছিলে নগরের কলেজিয়েট স্কুল, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা (বাওয়া) উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। নতুন পরীক্ষাপদ্ধতি বাতিলের দাবিতে তারা স্লোগান দেয়। মিছিলে শিক্ষার্থীদের হাতে থাকা পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল ‘জুলুম জুলুম চলবে না, ৭টা মোরা লিখব না’, ‘নতুন পরীক্ষা পদ্ধতি বাতিল করো, পুরোনো পরীক্ষা পদ্ধতি বহাল রাখো’, ‘মানি না মানব না, ৭টা সৃজনশীল লিখব না’।
মিছিলে অংশ নেওয়া সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ইশতিয়াক আহমেদ বলে, বর্তমানে প্রতিটি বিষয়ে দুই ঘণ্টায় শিক্ষার্থীদের ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয়। ২০১৭ সাল থেকে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু সময় বাড়ানো হয়েছে মাত্র ১০ মিনিট। এই অল্প সময়ে সাতটি সৃজনশীল প্রশ্ন লেখা কঠিন। তাই এই পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত চায় তারা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নে (এমসিকিউ) ১০ নম্বর কমবে। এই ১০ নম্বর যুক্ত হবে সৃজনশীল অংশে। গত বছরের ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন।